১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৩০

হামলায় ১১৫ জনের বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৩০
ইসরায়েল গাজা-সীমান্তের কাছে বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

গাজার রাফায় ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ও হামাস সংশ্লিষ্ট মিডিয়া এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলায় ১১৫ জনের বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে ওয়াফা। ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার খবর নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইসরায়েল সমর্থিত জিএইচএফ সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। যদিও তাদের নিরপেক্ষতা নিয়ে অনেকে ফিলিস্তিনিরই সন্দেহ আছে। 

ইসরায়েল বলছে, জিএইচএফ ত্রাণ বিতরণের সময় বায়োমেট্রিকসহ নানান ধরনের যাচাই-বাছাই করবে।

এর মাধ্যমে হামাসের সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে ত্রাণ না পায়, তা নিশ্চিত করা সম্ভব হবে, বলছেন ইসরায়েলি কর্মকর্তারা। 

বুধবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েল তিন ফিলিস্তিনিকে হত্যা ও ৪৬ জনকে আহত করেছে বলে হামাস অভিযোগ করলেও জিএইচএফ তা অস্বীকার করেছে।  

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে হাজার হাজার ফিলিস্তিনি ছুটে আসার পর শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় তারা কম্পাউন্ডের বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি ছুড়েছিল।