অনুপ্রবেশ করা মার্কিন সেনার বিষয়ে তথ্য দিল উত্তর কোরিয়া
ট্র্যাভিস কিং এর অবস্থান জানানোর অনুরোধের প্রথম জবাবে তাকে কাস্টডিতে রাখার বিষয়টি পিয়ংইয়ং নিশ্চিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘ কমান্ড।
সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া মার্কিন সেনা ট্রাভিস কিং এর বিষয়ে তথ্য দিয়েছে উত্তর কোরিয়া।
কিং এর অবস্থান জানানোর অনুরোধের প্রথম জবাবে তাকে কাস্টডিতে রাখার বিষয়টি দেশটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘ কমান্ড।
দুই কোরিয়ার কড়া নিরাপত্তাধীন সীমান্ত এলাকা দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিক আটক হয়েছেন বলে গত ১৮ জুলাই জানিয়েছিল ওই এলাকা তদারককারী জাতিসংঘ কমান্ড।
এক টুইটে জাতিসংঘ কমান্ড জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক সীমান্ত এলাকার পানমুনজম গ্রামে ঘুরতে গিয়েছিলেন। সে সময় সীমান্ত পেরিয়ে বিনা অনুমতিতেই তিনি উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন পরে এই সেনার পরিচয় জানিয়ে বলে, তার নাম ট্র্যাভিস কিং। ২৩ বছর বয়সী এই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য।
উত্তর কোরিয়ায় তার ভাগ্যে কী ঘটেছে তা জানা যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনও তথ্য জানতে পারছিল না। অবশেষে মিলল তথ্য। তবে পিয়ংইয়ংয়ের দেওয়া তথ্যের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি জাতিসংঘ কমান্ড।
তারা বলেছে, ট্র্যাভিস কিংকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টায় তারা বিঘ্ন চায় না। বিবিসি বলছে, পিয়ংইয়ং কিংকে নিয়ে মুখ খোলায় তারা এই সেনাকে নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জাতিসংঘ কমান্ডই যৌথ নিরাপত্তা এলাকায় উত্তর কোরিয়ার সেনাবাহিনীর (কেপিএ) সঙ্গে সরাসরি ফোন লাইনে কথা বলে কিংয়ের সম্পর্কে তথ্য চেয়েছিল।
এরপর এক বিবৃতিতে জাতিসংঘ কমান্ড জানায়, “কেপিএ কিং সম্পর্কে জবাব দিয়েছে। আমাদের তাকে বাড়িতে ফেরানোর চেষ্টায় কোনও বাধা যাতে না আসে সেজন্য আমরা এ মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত বলব না।”
উত্তর কোরিয়া এর আগে জানিয়েছিল, জাতিসংঘ কমান্ড থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। কিন্তু এই প্রথম তারা এ বিষয়ে সাড়া দিয়েছে। তারা নিশ্চিত করেছে যে, ওই মার্কিন সেনা তাদের হেফাজতে রয়েছে।
কোনও মার্কিনির কিংবা দক্ষিণ কোরীয়র সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ার ঘটনা খুবই বিরল। যদিও উত্তর কোরিয়ার রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক দুর্দশা থেকে বাঁচতে ৩০ হাজারেরও বেশি উত্তর কোরীয় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে।
আদালতের নথিতে দেখা গেছে, কিং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আটককেন্দ্রেও ছিলেন। তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এজন্য এক সপ্তাহ আগে তাকে দক্ষিণ কোরিয়ার আটককেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই তিনি পালিয়ে যান।
যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে তিনি আর ওঠেননি; বরং দুই কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকার এক সীমান্ত সফরে সামিল হন। এ সফরের সময়ই সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ায় চলে যান।
সীমান্ত পেরোনোর পেছনে তার উদ্দেশ্য কী ছিল তা স্পষ্ট নয়। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, তিনি ইচ্ছাকৃতভাবেই এটি করেছেন।
