২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের হুমকিতে তালেবানের ক্ষু্ব্ধ প্রতিক্রিয়া

তালেবান প্রশাসনের মুখপাত্র বলেছেন, “আফগান শরণার্থীদের প্রতি পাকিস্তানের এমন আচরণ মেনে নেওয়া যায় না।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 08:15 PM

Updated : 05 Oct 2023, 08:15 PM

আফগান অভিবাসীরা দেশ না ছাড়লে তাদেরকে বহিষ্কার করার যে হুমকি পাকিস্তান দিয়েছে, তা ‘মেনে নেওয়া যায় না’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাবুলের তালেবান প্রশাসনের একজন মুখপাত্র।

পাকিস্তানের নিরাপত্তায় সমস্যার জন্য আফগানদের দোষারোপ করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানে অবৈধভাবে বাস করছে আনুমানিক ১৭ লাখ ৩০ হাজার আফগান অভিবাসী। মঙ্গলবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার এই অভিবাসীদের ১ নভেম্বরের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তা না হলে তাদেরকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে।

এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, “আফগান শরণার্থীদের প্রতি পাকিস্তানের এমন আচরণ মেনে নেওয়া যায় না।”

আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, এবছর পাকিস্তানে সংঘটিত ২৪ আত্মঘাতী বোমা হামলার ১৪টিই চালিয়েছে আফগানরা।

তবে পাকিস্তানি মন্ত্রীর এমন অভিযোগ অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ। তিনি বলেন, পাকিস্তানের উচিত তাদের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখা। পাকিস্তানের নিরাপত্তার সমস্যায় আফগান শরণার্থীরা সম্পৃক্ত নয়। তারা যতক্ষণ স্বেচ্ছায় পাকিস্তান না ছাড়ছে, দেশটির উচিত তাদের সহ্য করা।”

পাকিস্তানে গত সপ্তাহেই দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহ*ত হয়। ২০২২ সালে পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী পাকিস্তানে জঙ্গি হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের নিরাপত্তা দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেছে।

[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশি হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02jkC4CSFw5zNABxGYVZLUyhh8gSCNEqg4ByyNfUg1ZE2WC1G8Em9fCePxL17ZeVdul]