২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটেছে সংকট, তবে এখনও স্বাভাবিক হয়নি যুক্তরাজ্যের বিমান চলাচল

প্রযুক্তিগত সমস্যার কারণে ‘স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট পরিকল্পনা প্রক্রিয়া করার ক্ষমতা’ বাধাগ্রস্ত হয়।

কেটেছে সংকট, তবে এখনও স্বাভাবিক হয়নি যুক্তরাজ্যের বিমান চলাচল

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 09:56 PM

Updated : 28 Aug 2023, 09:58 PM

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে সৃষ্ট সংকট আপাতত কেটে গেলেও বিমান চলাচল এখনও স্বাভাবিক হয়নি।

প্রযুক্তিগত ওই সমস্যার কারণে বিমান পরিবহন ব্যবস্থা পুরো জট পাকিয়ে যায়। শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ায় দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। পর্যটকরা যুক্তরাজ্যজুড়ে এবং বিদেশে আটকা পড়েন।

দেশটির ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস-এনএটিএস থেকে জানানো হয়েছিল, নিরাপত্তার খাতিরে তারা ফ্লাইট ওঠা-নামা কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছেন।

এনএটিএস থেকে আরও বলা হয়, প্রযুক্তিগত একটি সমস্যার কারণে এদিন ‘স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট পরিকল্পনা প্রক্রিয়া করার ক্ষমতা’ বাধাগ্রস্ত হয়। তবে সে সংকট তারা কাটিয়ে উঠেছেন। “আমরা সমস্যা চিহ্নিত করে তার প্রতিকার করেছি।”

এর আগে এনএটিএস কর্তৃপক্ষ বলেছিল, “যতক্ষণ না আমাদের প্রকৌশলীরা এটির সমাধান করছেন, ফ্লাইট পরিকল্পনাগুলি হাতে হাতে ইনপুট করা হচ্ছে। যার ফলে আমরা সেগুলোকে একই মাত্রায় প্রক্রিয়া করতে পারছি না। তাই আমাদের ট্রাফিক প্রবাহের উপর সীমাবদ্ধতা প্রয়োগ করতে হয়েছে।”

বিভিন্ন এয়ারলাইন তাদের যাত্রীদের ফ্লাইট বিলম্বিত হওয়া বা বাতিল হওয়ার বিষয়ে অবহিত করছে।

সংকটের কারণে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল এমন প্রায় ২৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। যা মোট প্রস্থানের প্রায় ৪ শতাংশ।

আর যুক্তরাজ্যে আসার কথা ছিল এমন প্রায় ২৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। যা মোট আগমণের প্রায় ৯ শতাংশ।

নয় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংকটে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া এবং যুক্তরাজ্যে আসা  আরো অসংখ্য ফ্লাইট বিলম্বিত হয়েছে।