২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা অস্ত্রে ইউক্রেইন যুদ্ধের মোড় ঘুরবে?

সম্প্রতি খারকিভে রুশ বাহিনীর অগ্রগতির পর ইউক্রেইন ও ইউরোপীয় দেশগুলোর চাপের মুখে যুক্তরাষ্ট্র রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় কিইভকে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ইউক্রেইন এখন রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র হামলা চালানোর অনুমতি পেয়েছে। এ সিদ্ধান্ত ইউক্রেইনের জন্য সম্মুখসারির যুদ্ধে বদল আনতে সহায়ক হবে কিনা এবং কীভাবে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে বিবিসি।

এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রের ব্যবহার ইউক্রেইনের ভেতরকার নিশানায় সীমিত রেখেছিল। এর মধ্যে ছিল ক্রাইমিয়া উপদ্বীপ এবং অধিকৃত অঞ্চলগুলো।

নেটো দেশগুলোর দেওয়া অস্ত্র ইউক্রেইন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ওপারের নিশানায় ব্যবহার করলে সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় দেশগুলো উদ্বিগ্ন ছিল।

কিন্তু সম্প্রতি ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি দেখে কিইভের মিত্ররা এ ব্যাপারে একমত হয়েছে যে, ইউক্রেইনের নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে তাদেরকে সীমান্তের বাইরের নিশানাতেও রাশিয়ার সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হতে হবে।

গতমাসে রাশিয়া ওই অঞ্চলে বড় ধরনের স্থল হামলা চালিয়েছিল। খারকিভের কয়েকটি গ্রাম দখল করে তারা। রাশিয়ার এই অগ্রগতি ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম এই নগরীর জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়।

রুশ সীমান্ত থেকে খারকিভের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। এ অঞ্চলের সীমান্ত যুদ্ধের সম্মুখসারিও বটে। তাই ইউক্রেইন সীমান্তের বাইরের নিশানায় এতদিন পশ্চিমা অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকার কারণে রাশিয়ার সেনারা খারকিভে অভিযান চালানোর প্রস্তুতি নিতে পেরেছে নিরাপদ পরিবেশে।

এমন পরিস্থিতিতেই ইউক্রেইন ও এর অন্যান্য ইউরোপীয় মিত্রদেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের নীতি বদলাতে রাজি হয়েছে এবং কিইভকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে সরাসরি হামলা চালানোর অনুমতি দিয়ে দিয়েছে।

গত শুক্রবার প্রাগে পশ্চিমা সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেইনকে প্রয়োজনে পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে দেওয়ার পক্ষে কথা বলেছেন।

তার এই বক্তব্যের কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের মাটিতে দীর্ঘ পাল্লার পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন।

পুতিন বলেছিলেন, ইউরোপে বিশেষ করে নেটো জোটভুক্ত দেশগুলো কী নিয়ে খেলছে সে বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত। ইউরোপের বেশিরভাগ দেশের ভূখন্ডই ছোট এবং ঘনবসতিপূর্ণ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

উত্তেজনা, সংঘাত বেড়ে যাওয়া এড়াতেই সম্ভবত যুক্তরাষ্ট্র ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) এর মতো দীর্ঘ পাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেইনকে রাশিয়ায় হামলা চালাতে দেয়নি। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৩০০ কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ভালভাবেই রাশিয়ার ভূখন্ডের বিমান এবং সেনাঘাঁটিতে আঘাত হানা সম্ভব।

কিন্তু এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ থাকায় ইউক্রেইনের কেবল সীমান্তের কাছের নিশানাগুলোতে হামলা চালানোর বিকল্প পথ খোলা আছে। কিন্তু তারপরও ইউক্রেইন এখন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার যে অনুমতি পেয়েছে, সেটিও কিইভের প্রধান মিত্রদের জন্য নীতির একটি বড় ধরনের পরিবর্তনই বটে।

স্বল্পপাল্লার অস্ত্র, এমনকী ৭০ কিলোমিটার পাল্লার হিমার্স এর মতো মাল্টিপল রকেট লাঞ্চারের হামলাও রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা এবং তাদের সহায়ক হিসাবে চলমান অভিযান ভেস্তে দিতে পারে। যার ফলে মন্থর হয়ে পড়তে পারে রাশিয়ার যে কোনও আক্রমণাত্মক পরিকল্পনা।

“ইউক্রেইন এখন শত্রুদের সেনা ও সাজ-সরঞ্জাম জড়ো করার স্থান এবং গুদামগুলোতে হামলা চালাতে পারবে, যে জায়গাগুলো থেকে ইউক্রেইনে হামলা হয়ে থাকে”, বলেছেন উত্তর-পূর্ব ইউক্রেইনে সামরিক অভিযানের সমন্বয়কারী ট্যাকটিক্যাল গ্রুপের ইউরি পোভকহ।

এ সপ্তাহের শুরুর দিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া আরেকটি হামলার জন্য খারকিভ থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে সেনা জড়ো করছে।

তাছাড়া, ‘দ্য ইন্সটিটিউট ফর স্টাডি অব ওয়ার’ স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণ করে দেখেছে এবং নিশ্চিত করে জানিয়েছে যে, রাশিয়া ওই অঞ্চলের বিভিন্ন ঘাঁটি এবং গুদামে তৎপরতা অনেক বাড়িয়েছে। সুতরাং, ওইসব নিশানায় ইউক্রেইন আঘাত হানতে সক্ষম হলে ওই অঞ্চলে নতুন হামলা প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেইনীয় বাহিনীর হাত শক্তিশালী হবে।

তবে ইউক্রেইন এখন পশ্চিমা অস্ত্র রাশিয়ার মাটিতে ব্যবহার করতে পারলেও রুশ গ্লাইড বোমা (স্থানীয়ভাবে কেএবি নামে পরিচিত) হামলা থেকে বাঁচতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কারণ, এই গ্লাইড বোমা ধ্বংসাত্মক এবং খারকিভ ও অন্যান্য সীমান্ত শহরে নিয়মিতই এই বোমা হামলা হয়ে আসছে। এ ধরনের হামলা বন্ধে ইউক্রেইনীয় বাহিনীকে হামলার নিশানা করতে হবে সেই বিমানগুলোকে, যেগুলো থেকে গ্লাইড বোমা ছোড়া হয়।

আর ওই বিমানগুলো প্রতিহত করার জন্য ইউক্রেইনের হাতে এ মুহূর্তে থাকা একমাত্র অস্ত্র হচ্ছে, যুক্তরাষ্ট্রের আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। কিন্তু এই অস্ত্র খারকিভের কাছে নিয়ে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, নজরদারি গোয়েন্দা বিমান এগুলোকে খুব জলদিই শনাক্ত করে ফেলতে পারে। আর সেক্ষেত্রে রাশিয়া ইস্কান্দরের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ব্যয়বহুল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে।

যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে তৈরি আকাশ থেকে নিক্ষেপণযোগ্য স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেইনকে দিয়েছে এবং এ অস্ত্র ব্যবহারে কোনও বিধিনিষেধও আরোপ করেনি। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত। নিষেধ না থাকায় ইউক্রেইন এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের সীমান্তবর্তী কুর্স্ক এবং বেলগোরদের বিমান ঘাঁটিতে হামলা চালাতে পারবে।

তবে সফলতা অর্জনের পরিপ্রেক্ষিতে এ ধরনের অভিযানের পরিসর হবে সীমিত। এই ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউক্রেইনের এসইউ-২৪ জঙ্গিবিমান রাশিয়ার সীমান্তের কাছে গিয়ে তবেই হামলা চালাতে পারবে। সেক্ষেত্রে এগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পড়ার আশঙ্কা আছে।

এই কাজের জন্য বেশি ভাল এফ-১৬ জঙ্গিবিমান, যেগুলো এবছরের শেষে হাতে পাওয়ার কথা রয়েছে ইউক্রেইনের। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন যে, তাদের মিত্ররা এসব জঙ্গিবিমান রাশিয়ার মাটিতে হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবে কিনা তা স্পষ্ট নয়।

গত শুক্রবার স্টকহোমের নর্ডিক সম্মেলনে জেলেনস্কি বলেন, “আমি মনে করি রাশিয়ার মাটিতে কোনও অস্ত্র ব্যবহার, পশ্চিমা ধরনের অস্ত্রের ব্যবহার সময়ের ব্যাপার।”

রাশিয়া সীমান্তের বিভিন্ন নিশানায় হামলার জন্য ইউক্রেইনীয় বাহিনী নিজস্ব অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। তাদের বেশকিছু ড্রোন সীমান্ত এলাকা থেকে কয়েকশ’ মাইল দূরের তেল ডিপো এবং সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

সবশেষ এমন হামলা হয়েছে ইউক্রেইন সীমান্ত থেকে ১,৮০০ কিলোমিটার দূরের ওরস্ক নগরীর একটি দীর্ঘ পাল্লার রকেট স্টেশনে।