যুক্তরাষ্ট্র ইরানের তেল নিষেধাজ্ঞা ‘শিথিল করতে পারে’, ইঙ্গিত ট্রাম্পের
এর আগেরদিন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, চীন ইরানের কাছ থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে।
তেল বিক্রিসহ ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমনটি জানালেও দেশটিকে পুনর্গঠনে সহায়তা করার জন্য নিষেধাজ্ঞা সম্ভাব্য শিথিলের ইঙ্গিত দিয়েছেন।
বুধবার নেটোর শীর্ষ বৈঠকে এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিল করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন হবে, আমরা চাই এটি হোক।”
ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, চীন ইরানের কাছ থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে।
ট্রুথ সোশালে তিনি লেখেন, “চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে। আশা করি, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অনেক কিছু কিনবে।”
কিন্তু পরে হোয়াইট হাউজ ব্যাখ্যা দিয়ে বলে যে তার মন্তব্যে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দেওয়া হয়নি।
রয়টার্স জানিয়েছে, ইরানি তেল কেনায় ট্রাম্প চীনের বেশ কয়েকটি ‘টিপট’ রিফাইনারি ও বন্দরের ওপর ইরান-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সিএনবিসি চ্যানেলকে বলেছেন, চীনের ইরানি তেল কেনার সামর্থ্য নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘চীনের প্রতি একটি ইঙ্গিত যে আমরা তোমাদের সঙ্গে কাজ করতে চাই, আমরা তোমাদের অর্থনীতিকে আঘাত করতে আগ্রহী না।’
চীন ইরানের অপরিশোধিত তেলের শীর্ষ ক্রেতা আর তারা দীর্ঘদিন ধরে দেশটির তেলের ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে।
উইটকফ বলেছেন, “আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে আগ্রহী আর আশা করি এটি ইরানিদের জন্যও একটি ইঙ্গিত হয়ে উঠবে।”
