২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজা সিটি দখলের পরিকল্পনাই ‘যুদ্ধ শেষের সবচেয়ে ভাল পথ’: নেতানিয়াহু

জেরুজালেমে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু  এও বলেন,  গাজা দখল করা নয় বরং ‘মুক্ত’ করাটাই ইসরায়েলের লক্ষ্য।

গাজা সিটি দখলের পরিকল্পনাই ‘যুদ্ধ শেষের সবচেয়ে ভাল পথ’: নেতানিয়াহু
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:58 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার পক্ষে সাফাই দিয়েছেন। বলেছেন, এটিই যুদ্ধ দ্রুত শেষ করার সবচেয়ে ভাল পথ। অভিযান শিগগিরই বাস্তাবায়ন করা হবে বলে জানান তিনি।

জেরুজালেমে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু একথা বলেন।  গাজা দখল করে রাখা নয় বরং ‘মুক্ত’ করাটাই ইসরায়েলের লক্ষ্য। ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই, বলেন তিনি।

নতুন অভিযানের কখন বাস্তবায়ন করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই তা করা হবে। কারণ, আমরা যুদ্ধ শেষ করতে চাই।এ অভিযানে প্রথমেই একটি নিরাপদ এলাকা গড়ে তোলা হবে।”

নেতানিয়াহু গাজায় ত্রাণ সরবরাহ এবং বিতরণের নিরাপদ করিডোর প্রতিষ্ঠা করাসহ তিন-ধাপ পরিকল্পনার রূপরেখাও দিয়েছেন। 

গাজায় অনাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে নেতানিয়াহু প্রেসিডেন্টের সমর্থনের প্রশংসা করেন  এবং জানান, ট্রাম্প বলেছেন- জিম্মিদের মুক্ত করা দরকার এবং হামাসের গাজায় থাকা উচিত না।

নেতানিয়াহু সংবাদ মাধ্যমে গাজা সিটি দখলের পরিকল্পনাকে সমর্থন করে যখন কথা বলছেন, তখন ইউরোপীয় নেতারা এই সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েলের পরিকল্পনায় ‘আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি আছে।’

ওদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চলাকালেও ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পরদিন রোববার জাতিসংঘে এই জরুরি বৈঠক হচ্ছে।

তবে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি জোনাথন মিলার বলেছেন, গাজা স্থায়ীভাবে দখলে রাখার কোনও পরিকল্পনা তাদের নেই।

তিনি গাজায় যুদ্ধ শেষ করার ৫ টি নীতির কথা জানান। যেগুলো এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এগুলো হচ্ছে:

*হামাসের নিরস্ত্রীকরণ

*জিম্মিদের বাড়ি ফেরানো

*গাজার বেসামরিকীকরণ

* গাজায় বাড়তি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

*গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং হামাসকে বাদ দিয়ে বিকল্প একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা।