Published : 10 Jun 2026, 12:13 AM
স্বপ্ন পূরণের এত কাছে গিয়েও এভাবে খালি হাতে ফিরে যেতে হবে, মানতেই পারছেন না রেফারি ওমার আব্দুলকাদির আর্তান। ইমিগ্রেশন ইন্টারভিউয়ে ১১ ঘণ্টা কাটানোর পর, বিশ্বকাপের জন্য তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সোমালিয়ার রেফারি আর্তানের দাবি, তার কাছে ‘সঠিক কাগজপত্র’ ও ‘বৈধ ভিসা’ থাকার পরও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে দায়িত্ব পালনের খুব কাছে ছিলেন তিনি। কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গত সপ্তাহান্তে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
পরে এবারের বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা থেকে তার নাম ছেঁটে ফেলা হয়। এখন তুরস্কে আছেন ২০২৫ সালের কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) বর্ষসেরা রেফারি।
শেষ সময়ে এভাবে স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্টের কথা নিউ ইয়র্ক টাইমসকে শুনিয়েছেন আর্তান।
“আমি খুব, খুব হতাশ। আমি কেবল একজন রেফারি, যে তার প্রিয় কাজটা করার চেষ্টা করছে- আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্বকাপে আসার।”
“আমার কাছে সঠিক কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু ছিল। বৈধ ভিসাও ছিল আমার।”
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা বিবিসিকে বলেন, বৈধ নথিপত্র নিয়েই ভ্রমণ করছিলেন আর্তান। নাইরোবিতে অবস্থিত সোমালিয়ান দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, এর আগে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার পর ভ্রমণ সহজ করার লক্ষ্যেই আর্তানকে বিশেষভাবে কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।
আর্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার পেছনে কোনো কারণ জানায়নি দেশটির ইমিগ্রেশন। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন, তার একটি সোমালিয়া।
আর্তানের পরের কথাটা যেন সেদিকেই ইঙ্গিত করল।
“আমার মনে হয়, আমার দেশের সঙ্গে তাদের কোনো সমস্যা আছে।”
আগামী বৃহস্পতিবার শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ, চলবে ১৯ জুলাই পর্যন্ত। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসরে ম্যাচ পরিচালনার জন্য ফিফার ৫২ জন রেফারির একজন ছিলেন আর্তান।
সোমালিয়ার ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়াল আর্তান ২০১৮ সালে ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সেও ম্যাচ পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী আর্তান।