১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর সঙ্গে কাজ করার মত 'একঘেয়ে আর কিছু নেই': সাইফের এই উপলব্ধি কেন

গেল ১৭ বছর ধরে কোনো সিনেমায় জুটি হতে দেখা যায়নি এই দম্পতিকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:23 AM

Updated : 11 Sep 2026, 03:22 PM

পর্দার বাইরের একটি সুন্দর জুটিকে পর্দায় নিয়ে আসার মত একঘেয়ে আর কিছুই নেই বলে মন্তব্য করেছেন বলিউডি অভিনেতা সাইফ আলী খান।

সাইফের এই মন্তব্য তার স্ত্রী ও নিজেকে নিয়ে বলে জানিয়েছে নিউজ এইট্টিন।

যদিও সাইফ-কারিনার প্রেমের শুরু সিনেমার সেটে। ‘তশন’ সিনেমার শুটিংয়ের সময়ে করিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। বিয়ের পরে ২০০৯ সালে একসঙ্গে তারা কাজ করেন ‘কুরবান’ সিনেমায়। এর পর বিরতি। 

গেল ১৭ বছর ধরে আর কোনো সিনেমায় জুটি হতে দেখা যায়নি এই দম্পতিকে। যদি আগামীতে কোনো কাজ করতেই হয়, সেক্ষেত্রে আগেই শর্ত দিয়ে রেখেছেন সাইফ।

সাইফ-কারিনার দাম্পত্য জীবন প্রায় ১৪ বছরের। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মন্ত্রমুগ্ধ, বরাবর সে কথাই বলে এসেছেন করিনা। একই সঙ্গে সাইফ জানিয়েছেন, করিনার সঙ্গে বিয়ে কীভাবে পাল্টে দিয়েছে তার জীবন। তবে কেন করিনার সঙ্গে কাজ করা নিয়ে আপত্তি অভিনেতার তা খোলাসাও করেন তিনি। 

একটি সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যে স্বাচ্ছন্দ্য প্রয়োজন হয়, সেটাই সবচেয়ে বড় বাধা হয় কখনও কখনও। 

অভিনেতার কথায়, “আমার মনে হয় অস্বস্তি এবং দ্বন্দ্ব থাকলে তবেই ভালো রসায়ন জমে। সেই ক্ষেত্রে আমি সবসময়ই ভাবতে থাকি করিনা কী করলে খুশি হবে। সেটা অভিনয়ের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। স্বামী-স্ত্রী এ ভাবে পর্দায় ফিরে আসায় খুব একটা স্পার্ক থাকে না। এর চেয়ে বিরক্তিকরও আর কিছু নেই।”

তবে এমন কোনও চিত্রনাট্য যদি কখনও পান তারা, যে ধরনের সিনেমায় এর আগে কখনও অভিনয় করেননি, তাহলে কাজ করতে আপত্তি নেই বলেও জানিয়েছেন সাইফ। 

তবে কোনো প্রেমের সিনেমায় নয়, বরং রহস্য-রোমাঞ্চের কোনো চিত্রানাট্য হাতে পেলে কারিনার সঙ্গে কাজ করতে আগ্রহী সাইফ।