নেটফ্লিক্সের অডিও সমস্যা দূর করতে ১ মিনিটের এই সেটিং বদলে নিন
সমস্যার প্রকৃত কারণ খুঁজতে কিছুক্ষণের জন্য যে কোনো এক্সটার্নাল অডিও ডিভাইস বাদ দিয়ে সরাসরি টিভির স্পিকারের মাধ্যমে অডিও চালিয়ে পরীক্ষা করতে পারেন।
আরাম করে নেটফ্লিক্স দেখতে বসে হঠাৎ সংলাপ অস্পষ্ট বা দূর থেকে ভেসে আসার মতো আওয়াজের তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েননি এমন দর্শক কমই রয়েছেন। ইন্টারনেট সংযোগ বা টিভির মান নিখুঁত হওয়ার পরও এ গোলযোগ দেখা দিতে পারে।
নেটফ্লিক্স যে অডিও ফরম্যাট পাঠায় ও যেসব স্পিকারের মাধ্যমে তা বেজে ওঠে এই দুয়ের মধ্যকার অসামঞ্জস্যতাই এর মূল কারণ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ ভোগান্তির সবচেয়ে বিরক্তিকর দিক হচ্ছে সমস্যাটি সম্পূর্ণ এলোমেলোভাবে হাজির হয়। কোনো সেটিং পরিবর্তন না করেই দেখা যায় কোনো শো’-এর কথা স্পষ্ট শোনাচ্ছে, অথচ পরেরটিতেই কথা বুঝতে কান খাড়া করে বসে থাকতে হচ্ছে।
স্বস্তির বিষয় হচ্ছে এ বিরল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোনো নতুন সাউন্ড ইকুইপমেন্ট কেনার বা নেটফ্লিক্সের কাস্টমার কেয়ারে যোগাযোগের প্রয়োজন নেই।
বেশিরভাগ ক্ষেত্রেই নেটফ্লিক্সের চাপা অডিও সমস্যার সমাধান করা সম্ভব কেবল এক মিনিটের ছোট এক সেটিং পরিবর্তনের মাধ্যমে।
নেটফ্লিক্সের শব্দ কেন অস্পষ্ট বা কম শোনা যায়?
নেটফ্লিক্স ব্যবহারকারীর সংযোগ ডিভাইসের জন্য সমর্থিত সর্বোচ্চ মানের অডিও স্ট্রিমটি স্বয়ংক্রিয়ভাবে বেছে নেয়। তবে কারো সেটআপ যদি সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে তবে নেটফ্লিক্স সাধারণ স্টেরিওর বদলে ৫ দশমিক ১ বা ডলবি এটমস ট্র্যাক পাঠাতে শুরু করে।
তাত্ত্বিকভাবে বিষয়টি চমৎকার শোনালেও অনেক স্মার্ট টিভিতে সাধারণ মানের স্পিকার থাকার পরও তারা সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে বলে দাবি করে।
এমন পরিস্থিতিতে টিভিটি ওই সারাউন্ড ট্র্যাকটিকে কেবল দুটি স্পিকারে পাঠানোর চেষ্টা করে, যার ফলে অডিও কিছুটা নিচু শোনায়। এর বাইরেও অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে।
যেমন, ঢিলেঢালা বা ক্ষতিগ্রস্ত এইচডিমআই কেবলের কারণে অডিও সংকেত বিকৃত বা দুর্বল হতে, আবার স্ট্রিমিং ডিভাইস বা টিভির পুরনো ফার্মওয়্যারের কারণেও অডিও প্রসেসিংয়ে গোলযোগ দেখা দিতে পারে।
একইভাবে, সাউন্ডবারের মতো বাহ্যিক বিভিন্ন সাউন্ড সিস্টেম সঠিকভাবে কনফিগার করা না থাকলে সেখান থেকেও কাঙ্ক্ষিত মান পাওয়া যায় না।
এর মানে এই নয় যে, ব্যবহারকারীর কোনো যন্ত্রাংশ নষ্ট হয়েছে, বরং এটা নেটফ্লিক্সের পাঠানো অডিও এবং তার সরঞ্জামের গ্রহণসক্ষমতার মধ্যে এক ধরনের সামঞ্জস্যহীনতার সমস্যা।
এ সমস্যা যেভাবে দূর করবেন
সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান দিয়ে শুরু করা যেতে পারে।
নেটফ্লিক্স প্লেয়ারের নিচের দিকে থাকা ‘অডিও অ্যান্ড সাবটাইটেলস’ মেনু ওপেন করে অডিও ট্র্যাকটি সারাউন্ড সংস্করণ (যেমন, ইংরেজি [অরিজিনাল] ৫.১) থেকে পরিবর্তন করে স্ট্যান্ডার্ড সংস্করণে (ইংরেজি [অরিজিনাল]) নিয়ে যান।
ব্যবহারকারীর যদি ডেডিকেটেড কোনো সারাউন্ড সিস্টেমের বদলে কেবল টিভির বিল্ট-ইন স্পিকার ব্যবহার করেন তবে এসব ছোট পরিবর্তন প্রায়শই চাপা অডিও সমস্যার সমাধান করে দেয়।
নেটফ্লিক্স ব্যবহারকারীর এ পছন্দটি মনে রাখে। ফলে একবার এটি ঠিক করে নিলে ভবিষ্যতে এই ধরনের ঝামেলা এড়ানো সম্ভব।
কেউ যদি কোনো এক্সটার্নাল অডিও সিস্টেম ব্যবহার করেন ও সমস্যা থেকেই যায় তবে আপনার এইচডিমআই কেবলটি পরীক্ষা করুন ও সমস্যা দূর হয় কি না তা দেখতে অন্য এক কেবল ব্যবহার করে দেখতে পারেন।
এ ছাড়া, সমস্যার প্রকৃত কারণ খুঁজতে কিছুক্ষণের জন্য যে কোনো এক্সটার্নাল অডিও ডিভাইস বাদ দিয়ে সরাসরি টিভির স্পিকারের মাধ্যমে অডিও চালিয়ে পরীক্ষা করতে পারেন।
পাশাপাশি, ব্যবহারকারীর ডিভাইসে কোনো নতুন ফার্মওয়্যার আপডেট এসেছে কি না তা খতিয়ে দেখাও জরুরি।
আরেকটি কাজ করা যেতে পারে। যেমন, নেটফ্লিক্সের ভেতরেই প্লেব্যাক কোয়ালিটি বাড়িয়ে নেওয়া। এজন্য ব্রাউজারের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট পেইজে যান।
এরপর ‘এডিট সেটিংস’ থেকে ‘প্লেব্যাক সেটিংস’-এ প্রবেশ করুন ও প্রতি স্ক্রিনের ডেটা ব্যবহার ‘হাই’ সিলেক্ট করে দিন। এটা নিশ্চিত করে যে নেটফ্লিক্স তার সর্বোচ্চ অডিও বিটরেটে স্ট্রিমিং করছে, যা ৫ দশমিক ১-এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৬৪০ কিলোবিট ও এটমসের ক্ষেত্রে ৭৬৮ কিলোবিট পর্যন্ত হয়।
মনে রাখা জরুরি, ব্যবহারকারী যদি হাই-ফিডেলিটি স্প্যাটিয়াল অডিও এবং ডলবি এটমস উপভোগ করতে চান তবে তাকে অবশ্যই নেটফ্লিক্সের প্রিমিয়াম সেবা সাবস্ক্রাইব করতে হবে।
