২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুচ্চালিত গাড়ি দেখাল শাওমি, জানাল বিশাল লক্ষ্যের কথা

“আগামী ১৫ থেকে ২০ বছর কঠোর পরিশ্রম করলে আমরা বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার হয়ে উঠতে পারি। এতে চীনের সামগ্রিক অটোমোবাইল শিল্পও একধাপ এগিয়ে যাবে।”

বিদ্যুচ্চালিত গাড়ি দেখাল শাওমি, জানাল বিশাল লক্ষ্যের কথা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 07:56 PM

Updated : 28 Dec 2023, 08:18 PM

নিজেদের তৈরি বিদ্যুচ্চালিত গাড়ির প্রথম ঝলক দেখিয়েছে শাওমি। এ ছাড়া, বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার কোম্পানি হওয়ার লক্ষ্যের কথাও জানিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা বলে এতদিন পরিচিত কোম্পানিটি।

বৃহস্পতিবার উন্মোচিত সেডান গাড়িটির নাম ‘এসইউ৭’। আর এতে ব্যবহার করা যাবে কোম্পানির জনপ্রিয় ফোনগুলোয় থাকা অপারেটিং সিস্টেমও।

তবে, শাওমির এ ঘোষণা এমন সময় এল যখন এ খাতে বিশ্বের শীর্ষ নির্মাতারা সক্ষমতা ও চাহিদা কমে যাওয়ার বিষয়গুলো মাথায় রেখে গাড়ির দাম বাড়াচ্ছে।

আরও ছবি দেখুন এখানে

পুরনো খবর:

কেমন দেখতে শাওমির নতুন বিদ্যুচ্চালিত গাড়ি?

রয়টার্স বলছে, এর পরও নিজের উচ্চাভিলাসী লক্ষমাত্রা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শাওমি প্রধান লেই জুন। এর মধ্যে রয়েছে ‘পোরশে ও টেসলার সঙ্গে তুলনা করার মতো স্বপ্নের গাড়ি’ তৈরির বিষয়টিও।

“আগামী ১৫ থেকে ২০ বছর কঠোর পরিশ্রম করলে আমরা বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার হয়ে উঠতে পারি। এতে চীনের সামগ্রিক অটোমোবাইল শিল্পও একধাপ এগিয়ে যাবে।” --গাড়ি উন্মোচনের সময় বলেন লেই।

অন্যান্য প্রযুক্তি কোম্পানির মতোই নিজেদের মূল ব্যবসার পরিধি বাড়িয়ে ইভি খাতে প্রবেশের চেষ্টা করছে শাওমি। আর কোম্পানিটির এ পরিকল্পনার সূত্রপাত ঘটেছিল ২০২১ সালে।

আগামী এক দশকে চীনের ইভি বাজারে এক হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়েছে শাওমি, যেখানে দেশটির নীতিনির্ধারকরা বাজারে নতুন সরবরাহকারী যোগ করায় উদাসীন।

বেইজিংয়ে গাড়ি উন্মোচনের আয়োজনে লেই বলেন, শাওমি গাড়ির বিভিন্ন স্বয়ংক্রিয় সুবিধা একদিন ইভি খাতে সামনের সারিতে থাকবে।

শাওমি ব্র্যান্ডের গাড়ির উৎপাদক হিসেবে কাজ করছে চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘বিএআইসি গ্রুপ’। আর কোম্পানিটির বেইজিং অংশের কারখানায় বার্ষিক গাড়ি উৎপাদনের সক্ষমতা দুই লাখ।