কেবল ভেরিফায়েড অ্যাকাউন্ট রিপ্লাই দেবে, এমন সুবিধা আনল এক্স
ফিচারটি চালু করার কয়েক ঘণ্টা পর এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, নতুন এই সুবিধা ‘স্প্যাম বা বট অ্যাকাউন্ট ঠেকাতে’ সহায়ক হবে।
ব্যবহারকারীর পোস্টে কেবল ভেরিফায়েড অ্যাকাউন্ট রিপ্লাই দিতে পারবে, এমনই এক সুবিধা চালু করেছে সামাজিক মাধ্যম এক্স।
নতুন এই ফিচার কেবল আর্থিক ফি ভিত্তিক গ্রাহকদের বেলাতেই প্রযোজ্য নয়। বিনামূল্যে এক্স চালানো ব্যবহারকারীরাও এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
ফিচারটি চালু করার কয়েক ঘণ্টা পর এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, নতুন এই সুবিধা ‘স্প্যাম বা বট অ্যাকাউন্ট ঠেকাতে’ সহায়ক হবে।
২০২০ সালে ‘অ্যাকাউন্ট ইউ ফলো’ বা ‘ওনলি অ্যাকাউন্টস ইউ মেনশন’ নামে একই ধরনের চালু করেছিল টুইটার। তবে, সে সময় পোস্ট করার আগে এই সেট আপ করে নিতে হতো। পোস্ট হয়ে যাওয়ার পরও এই সেট আপ বদলানোর সুবিধা ২০২১ সালে চালু করে টুইটার। তবে, রিপ্লাই বন্ধ থাকলেও এখনও বিভিন্ন পোস্টকে ‘কোট’ বা উদ্ধৃতি হিসাবে ব্যবহার করতে পারেন ব্যবহারকারী।
ভেরিফায়েড অ্যাকাউন্টে এরইমধ্যে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে এক্স। এর মধ্যে রয়েছে কথোপকথন ও সার্চের তালিকায় অগ্রাধিকার।
নতুন এই নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে এক্স কেবল ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়, বরং আর্থিক ফি দেওয়া ব্যবহারকারীদেরকেও সামনে আসার সুযোগ দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
