২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুঝুঁকির অনুমান দেওয়া এআই মডেল তৈরি হল ডেনমার্কে

গবেষকদের দাবি, সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যার অগ্রিম অনুমান দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে পারে এ প্রযুক্তি।

মৃত্যুঝুঁকির অনুমান দেওয়া এআই মডেল তৈরি হল ডেনমার্কে

ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 10:59 AM

Updated : 22 Dec 2023, 10:59 AM

ডেনমার্কের গবেষকরা এমন এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বানিয়েছেন, যা দেশটির সামগ্রিক জনগণের ব্যক্তিগত ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত। আর বীমা খাতে প্রচলিত মডেলগুলোর চেয়ে নির্ভুলভাবে মৃত্যুঝুঁকি অনুমানে সক্ষম এটি।

গবেষকদের দাবি, সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যার অগ্রিম অনুমান দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে পারে এ প্রযুক্তি। তবে, একে অবশ্যই শীর্ষ ব্যবসায়িক কোম্পানিগুলোর নাগালের বাইরে রাখতে হবে।

মডেলটি বানাতে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ডেনমার্কের ৬০ লাখ ব্যক্তির শিক্ষা, ডাক্তার ও হাসপাতালে পরিদর্শনের তথ্য ব্যবহার করেছেন ‘টেকনিকাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক’-এর সহকারী অধ্যাপক শুনে লেম্যান ইয়র্গেনসেন ও তার সহকর্মীরা।

প্রযুক্তি সাইট নিউ সায়েন্টিস্টের প্রতিবেদন অনুযায়ী, তারা এই ডেটাসেটকে শব্দে রূপান্তর করে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিয়েছেন। এর আগে চ্যাটজিপিটি’র মতো এআই মডেলেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

‘লাইফ২ভেক’ নামে পরিচিত এ মডেলটি কাজ করে বিভিন শব্দ দেখে কোন শব্দের পর কোন শব্দ বসবে, সেটি নির্ধারণ করার মাধ্যমে, যার জন্য বিশাল সংখ্যক উদাহরণও ব্যবহার করা হয়।

একইভাবে, গবেষকরা বিভিন্ন ব্যক্তির জীবনের ঘটনা পর্যবেক্ষণ করে তার পরবর্তী পরিস্থিতির ভবিষ্যদ্বাণী দিয়ে থাকেন।

এ গবেষণায়, অন্তত চার বছরের ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে লাইফ২ভেক মডেলটিকে। আর পরীক্ষা চালানোর জন্য গবেষকরা এতে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেন, যারা ২০১৬ থেকে ২০২০ সালের মাঝামাঝি সময়ে মারা গিয়েছেন। এর ফলাফলে দেখা যায়, প্রচলিত এআই ও জীবন বীমার মান নির্ধারণকারী মডেলগুলোর তুলনায় ১১ শতাংশ বেশি নির্ভুল জবাব দিতে সক্ষম এআই মডেলটি।

এআই মডেলটি মানুষের ব্যক্তিত্ব পরীক্ষার ক্ষেত্রেও অন্যান্য এআই মডেলের চেয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী দিতে পেরেছিল।

ইয়র্গেনসেনের মতে, মডেলটি এত বেশি তথ্য সংগ্রহ করে ফেলেছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ও সামাজিক বিষয় নিয়ে অনুমান প্রকাশের সক্ষমতা অর্জন করেছে এটি। এর মানে, বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সমস্যা আগেই শনাক্ত করা সম্ভব এর মাধ্যমে। এমনকি বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রেও এটি বিভিন্ন দেশের সরকারকে সহায়তা দিতে পারে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর অপব্যবহার করতে পারে বিভিন্ন কোম্পানি।

“আমাদের মডেলটি নিশ্চিতভাবেই কোনো বীমা কোম্পানির ব্যবহার করা উচিৎ নয়। কারণ, বীমার মূল উদ্দেশ্যই হল, আক্রান্ত ব্যক্তির সম্ভাব্য মৃত্যু বা অনুরূপ ঘটনা নিয়ে যতটা সম্ভব কম তথ্য শেয়ার করা। তবে, আমরা নির্দ্বিধায় সেগুলো বলে দেই।” --বলেন ইয়র্গেনসেন।

তিনি আরও বলেন, এরইমধ্যে এ ধরনের প্রযুক্তি এসে পড়েছে।

“এগুলো সম্ভবত শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহার করবে। কারণ, তাদের কাছে আমাদের বিশাল ডেটা আছে, যা ব্যবহার করে তারা আমাদের সম্পর্কে বিভিন্ন অনুমান চালাচ্ছে।”

যুক্তরাজ্যের বীমাবিষয়ক অবকাঠামো ‘ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিস’-এর সম্পাদক ম্যাথিউ এডওয়ার্ডস বলেন, এ ধরনের নতুন অনুমানমূলক পদ্ধতি নিয়ে আগ্রহ রয়েছে বীমা কোম্পানিগুলোর। তবে, তারা বেশিরভাগ সিদ্ধান্তই ‘জেনারালাইসড লিনিয়ার মডেল’ নামে পরিচিত এআই ব্যবস্থার মাধ্যমে নিয়ে থাকে, যা এ গবেষণার তুলনায় অসম্পূর্ণ।

২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডেনমার্কের ৬০ লাখ ব্যক্তির স্বাস্থ্য ও শ্রম বিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ভবিষ্যদ্বাণী দেওয়ার ক্ষেত্রে এআই মডেলটির নির্ভুলতার মাত্রা ৭৮ শতাংশ।

এদিকে, চ্যাটজিপিটি’তে বিশেষ মনযোগ দেওয়া হয়েছে, সৃজনশীল টেক্সট তৈরি বা বিভিন্ন পেশাগত বাধা শনাক্ত করতে। এর বিপরীতে ভিন্ন পন্থা অবলম্বন করে লাইফ২ভেক।

এআই মডেলটি মানুষের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তার স্বাস্থ্য, শিক্ষা, পেশা ও আর্থিক আয়ের মতো বিষয়গুলোও বিশ্লেষণ করে। এ বিশেষ পরীক্ষার মাধ্যমে কেবল পেশাগত সাফল্য বা পছন্দের ফ্যাশনই নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কেও বিস্তারিত তথ্য অনুমান করে থাকে লাইফ২ভেক।

ভারতীয় সংবাদ সাইট এনডিটিভি প্রতিবেদনে বলেছে, নতুন এআই মডেলটি অনেকটা অতীতে ধরে রাখা আয়নার মতো কাজ করে, যা থেকে প্রতিফলিত ভবিষ্যতের ঝলক মেলে।