০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অক্টোবর থেকে জেমিনাই ফ্রি ভার্সনে ফ্ল্যাশ ও প্রো মডেল থাকছে না

ফ্ল্যাশ মডেলটি লাইটের চেয়ে এক ধাপ এগিয়ে থাকলেও প্রো মডেলটি উন্নত বুদ্ধিমত্তা ও জটিল কাজের জন্য ডিজাইন করেছিল ওপেনএআই।

অক্টোবর থেকে জেমিনাই ফ্রি ভার্সনে ফ্ল্যাশ ও প্রো মডেল থাকছে না

ব্যবহারকারী যদি এআই আল্ট্রা সাবস্ক্রিপশন ব্যবহার করেন তবে জেমিনাইয়ের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর জন্য ‘ডিপ থিংক’ অপশনও পেয়ে যাবেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 04:41 PM

Updated : 07 Oct 2026, 04:41 PM

ফ্রি ব্যবহারকারীদের জন্য জেমিনাই অ্যাপ ও ওয়েবসাইটের মডেলে বড় ধরনের পরিবর্তন আনছে গুগল।

নিজেদের সাপোর্ট পেইজে প্রকাশ করা এক ঘোষণায় গুগল বলেছে, এই নতুন পরিবর্তন সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন না এমন ব্যবহারকারীদের ক্ষেত্রে এআই চ্যাটবট ব্যবহারের অভিজ্ঞতায় প্রভাব ফেলতে পারে।

আগামী ৯ অক্টোবর থেকে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আর জেমিনাই ফ্ল্যাশ ও প্রো মডেলগুলো ব্যবহার করতে পারবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বর্তমানে অ্যাপের ওপরের ড্রপ-ডাউন মেনুতে বা ডেস্কটপে টেক্সট বক্সের পাশেই তিনটি অপশন দেখা যায়। তবে আগামী কয়েক দিনের মধ্যে ফ্রি অ্যাকাউন্টের সব প্রশ্ন বা ইনকোয়ারির জন্য গুগলের সাশ্রয়ী মডেল ‘ফ্ল্যাশ-লাইট’ ব্যবহৃত হবে।

ফ্ল্যাশ মডেলটি লাইটের চেয়ে এক ধাপ এগিয়ে থাকলেও প্রো মডেলটি উন্নত বুদ্ধিমত্তা ও জটিল কাজের জন্য ডিজাইন করেছিল ওপেনএআই।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ৫ ডলারে পাওয়া গুগলের সবচেয়ে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান ‘গুগল এআই প্লাস’ ব্যবহারকারীরাও জেমিনাই ৩.১ প্রো মডেলটি ব্যবহার করতে পারবেন না।

গুগলের ভাষ্য, প্রো মডেলটি জটিল গণিত ও কোডিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারে এবং অন্যান্য মডেলের তুলনায় টেক্সট, ফাইল, ছবি ও ভিডিওর ক্ষেত্রে এর ‘ভালো বোঝাপড়া’ রয়েছে।

এর মানে, কেউ যদি কোডিংয়ের জন্য বা পড়াশোনার সহায়ক হিসেবে জেমিনাই ব্যবহার করেন ও বড় ডকুমেন্ট বা অন্যান্য উপাদান প্রসেস করার প্রয়োজন পড়ে তবে তাকে ব্যয়বহুল এআই প্রো প্ল্যানের দিকে যেতে হতে পারে।

বর্তমানে গুগল এআই প্রো’র দাম প্রতি মাসে ২০ ডলার, আর ব্যবহারের সীমা’সহ এআই আল্ট্রা প্ল্যানের জন্য মাসে ১০০ ডলার খরচ করতে হবে।

এসব পরিবর্তনের পাশাপাশি প্রতিটি মডেলের জন্য ‘এফোর্ট লেভেল’ অপশন যোগ করছে গুগল।

এর মাধ্যমে ব্যবহারকারীরা লো, মিডিয়াম ও হাই এ তিনটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন, যা মডেলগুলোকে বিভিন্ন মাত্রায় কাজ করার সক্ষমতা দেবে।

লেভেল যত বেশি হবে উত্তর তত বেশি পুঙ্খানুপুঙ্খ ও নিখুঁত হবে। তবে, এটা ব্যবহারের নির্ধারিত সীমার ওপরও বেশি চাপ ফেলবে।

ব্যবহারকারী যদি এআই আল্ট্রা সাবস্ক্রিপশন ব্যবহার করেন তবে জেমিনাইয়ের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর জন্য ‘ডিপ থিংক’ অপশনও পেয়ে যাবেন।

এ ছাড়া, ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর এআই আল্ট্রা সাবস্ক্রাইবাররা ‘জেমিনাই ৪ আর্গন’ মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন।

বর্তমানে এটা কেবল সরকার ও বিশ্বস্ত পার্টনারদের জন্য গুগলের ‘ফেয়ারউইন্ড প্রোগ্রাম’-এর সদস্যদের জন্যই পাওয়া যাচ্ছে।