ছবি ফটোশপ করেও রেহাই মিলল না ‘পিশাচ’ শিশু ধর্ষকের
ভুক্তভোগীদের ওপর নিপীড়ন চালানোর সময় তিনি তুলেছিলেন ওই ছবি, এরপর সেগুলো তিনি ছড়িয়ে দিয়েছেন ডার্ক ওয়েবে।
ডিজিটাল ছবিতে ফটোশপের মতো সফটওয়্যার ব্যবহার করে অংশবিশেষ বা পুরাটাই বিশাল আকৃতির অনেক পিক্সেলে রূপান্তর করা যায়। এতে ওই অংশটুকু অস্পষ্ট হয়ে পড়ে। এ পদ্ধতিকে বলা হয় পিক্সেলেশন। এ পদ্ধতিতেই নিজের অপকর্ম আড়লে রেখেছিলেন এক শিশু ধর্ষক।
পিক্সেলেটেড ছবিকে আনপিক্সেলেট করার প্রযুক্তি তৈরি হওয়ায় ধরা পড়েছেন যুক্তরাজ্যের ওয়েলশের ওই কুখ্যাত শিশু ধর্ষক। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই তাকে বর্ণনা করেছে ‘পিশাচ’ হিসেবে। এক দশক যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে ছিলেন তিনি।
ভুক্তভোগীদের ওপর নিপীড়ন চালানোর সময় তিনি তুলেছিলেন ওই ছবি, এরপর সেগুলো তিনি ছড়িয়ে দিয়েছেন ডার্ক ওয়েবে। প্রযুক্তি ব্যবহার করে এক ছবি থেকে তার চেহারা ‘আনপিক্সেল’ করা সম্ভব হয়।
পিক্সেলেটেড ছবিকে আনপিক্সেল করার এই প্রযুক্তির প্রথম এই ব্যবহার আমলে নিয়ে আদালত রায় দিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)’। এই সংস্থাটিই আনপিক্সেলেট করার এই প্রযুক্তির উদ্ভাবক।
টুলটি তৈরির পর, গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার করা হয় ৫০ বছর বয়সী মার্টিন আর্মস্ট্রংকে।
এক বছর বয়সী এক শিশু’সহ তিন শিশুর ওপর ‘নিপীড়ণ’ চালানোর অভিযোগ স্বীকার করেছেন ওয়েলশের পেমব্রোকশায়ার কাউন্টির বাসিন্দা আর্মস্ট্রং।
ছবি বিকৃত করতে ফটোশপ ব্যবহার করেন আর্মস্ট্রং
গ্রিফিথস বলেন, নিজের ছবিতে একটি ‘জিগ-জ্যাগ’ ধরনের বিকৃত রূপ আনতে ফটোশপ ব্যবহার করেছেন আর্মস্ট্রং। তবে, তিনি ভুক্তভোগীর পরিচয় লুকাননি।
১৩ বছরের কম বয়সী এক শিশুকে ৪১ বার ধর্ষণ, দুই ভুক্তভোগীর ওপর যৌন নিপীড়ন ও তৃতীয় এক ভুক্তভোগী’সহ শিশুদের নগ্ন ছবি তৈরি, ধারণ ও সরবরাহের অভিযোগ স্বীকার করেছেন আর্মস্ট্রং।
“আপনার অপরাধের ধরন ও বিকৃতি মর্মান্তিক”। --আসামীকে ন্যূনতম ১৪ বছরসহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বলেন কার্ডিফের রেকর্ডার ট্রেসি লয়েড-ক্লার্ক।
মামলার আইনজীবি রজার গ্রিফিথস ‘কার্ডিফ ক্রাউন কোর্টে’ বলেন, ২০০৫ থেকে ২০০৭ সাল এবং ২০০৯ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০১১ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে, শিশুদের ওপর নিপীড়ন চালানোর বিভিন্ন ছবি তোলেন আর্মস্ট্রং। আর ২০১০ সালে সমুদ্র সৈকতে তৃতীয় এক শিশুর ছবি তোলার বিষয়টিও স্বীকার করেন তিনি।
স্কাই নিউজের প্রতিবেদন বলছে, তিনি অনলাইনে ‘ফাদার জোন্স’ নামে এক ফাইলে দুইশটি বীভৎস ছবি ও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় নিজের সবচেয়ে কনিষ্ঠ শিকারকে তিনি ক্রমাগত ধর্ষণ করে যাচ্ছেন।
১৮টি দেশে এই ফাইল ডাউনলোড ও শেয়ার হওয়ায় ২০১৩ সাল থেকেই এই ছবির সিরিজ সম্পর্কে বিভিন্ন অপরাধ তদন্তকারী সংস্থা জানতো। ২০২২ সালেও যুক্তরাজ্যের ছয়টি ওয়েবসাইটে ফোল্ডারটি শেয়ার করা হয়।
নিজের চেহারা ঝাপসা করে ফেলায় অস্ট্রেলিয়া, ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলোর সহায়তা পেয়েও প্রায় এক দশক যাবৎ এই ‘শিশু নিপীড়কের’ পরিচয় শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা।
গ্রিফিথস আরও বলেন, এক ছবিতে নিপীড়কের একটি ‘জিগ-জ্যাগ’ ধরনের বিকৃত রূপ মেলার পর, গত বছরের জুলাইয়ে নিজেদের নতুন টুল ব্যবহার করে আসামীর ছবি শনাক্ত পেরেছে ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)’।
যুক্তরাজ্যের এনসিএ’র কর্মকর্তারা সফটওয়্যারটি তৈরি করেছেন। আর বিশ্বে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্তের প্রথম ঘটনা এটিই।
প্রযুক্তির সহায়তায় ভবিষ্যতেও অপরাধী শনাক্ত করা যাবে
ছবিটি ‘অবিকৃত’ অবস্থায় ফেরানোর পর, তদন্তকারী কর্মকর্তারা আর্মস্ট্রংয়ের ফেইসবুক প্রোফাইল খুঁজে বের করেন, যা পরবর্তীতে তার গ্রেপ্তারে ভূমিকা রেখেছে।
“আমি বিশ্বাস করি না, তিনি (আর্মস্ট্রং) ভেবেছিলেন যে তিনি কখনও ধরা পড়বেন, এইসব বিকৃত কৌশল তাকে সুরক্ষা দেবে বলেই ধরে নিয়েছিলেন।” --বলেছেন এনসিএ কর্মকর্তা মার্টিন লুডলো।
“যাই হোক, এনসিএ ও আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এটি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তার বিভিন্ন অপকর্ম যেন শাস্তির আওতায় আসে।”
এইসব ছবি সরবরাহের পাশাপাশি এর নাম ‘ফাদার জোন্স’ সিরিজ দেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন আর্মস্ট্রং।
