শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাজ্যে সাংবাদিকতায় ‘বড় হুমকি’
অনলাইন প্ল্যাটফর্মগুলো সংবাদ ব্ল্যাকআউট করলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত করার পাশাপাশি বিশ্বাসযোগ্য সংবাদ পাওয়ায় জনগণের সুযোগও সীমিত করে দেয়।
এআইয়ের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর মাত্রা বাড়ার মধ্যেই বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানির ‘একচেটিয়া আচরণ’ যুক্তরাজ্যে সংবাদ শিল্পের অস্তিত্বের জন্য হুমকি – এমনই সতর্কবার্তা দিয়েছেন সম্পাদকরা।
যুক্তরাজ্যের সংবাদ শিল্প সংগঠন ‘নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর এক জরিপে দেখা গেছে, দেশটির ৯০ শতাংশ সম্পাদকই বিশ্বাস করেন, সংবাদ শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে মেটা ও গুগলের মতো কোম্পানিগুলো।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের শুরুতে ‘হাউস অফ কমন্স’-এ উত্থাপিত ‘ডিজিটাল মার্কেটস, কম্পিটিশন অ্যান্ড কনজিউমার’ নামের বিলটি শিথিল করার জন্য যুক্তরাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পত্রিকার কনটেন্ট প্রকাশ করলে পত্রিকাগুলোকে আর্থিক ফি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই আইনে।
“বিভিন্ন প্রযুক্তি কোম্পানির দিক থেকে বিলটি শিথিল করার চাপ মোকাবেলা করেই একে আইনে রূপান্তর করতে হবে সরকারকে, যা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও প্রকাশকদের মধ্যে ভারসাম্য তৈরির পাশাপাশি যুক্তরাজ্যের ডিজিটাল অর্থনীতিতেও উদ্ভাবন ও প্রতিযোগিতার সুযোগ দেবে।” --বলেন নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের সিইও ওয়েন মেরেডিথ।
জরিপে অংশ নেওয়া ৯৭ শতাংশ সম্পাদকের দাবি, আগামী বছর হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে এআইয়ের মাধ্যমে ভুল তথ্য তৈরির ঝুঁকি ‘আগের যে কোনো সময়ের চেয়ে বাড়বে’।
আর তিন-চতুর্থাংশের বেশি (৭৭ শতাংশ) সম্পাদক বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলো সংবাদ ব্ল্যাকআউট করলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত করার পাশাপাশি বিশ্বাসযোগ্য সংবাদ পাওয়ায় জনগণের সুযোগও সীমিত করে দেয়।
মেরেডিথ আরও বলেন, “আমাদের জরিপে প্রযুক্তি কোম্পানিগুলোর সংবাদ বিষয়ক কার্যক্রম নিয়ে সম্পাদকদের উদ্বেগ স্পষ্টভাবেই ফুটে উঠেছে।”
যুক্তরাজ্যের সংবাদপত্র নিউজকোয়েস্টের আঞ্চলিক সম্পাদক ও দেশটির বেশ কয়েকটি স্থানীয় সংবাদপত্রের মালিক কেটি ফ্রেঞ্চ বলেন, “বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আমাদের জীবনযাত্রায় উন্নতি ঘটালেও তারা আমাদের সংবাদের ব্যবসায় বড় প্রভাব ফেলছে। এ ছাড়া, আমার মতো বিভিন্ন সংবাদ ব্র্যান্ডকে যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়নি।”
“আর, উন্নত সেবা দেওয়ার পরও আমরা কম পারিশ্রমিক পাই, যেখানে আমাদেরকে বিভিন্ন কনটেন্ট হোস্ট করার পাশাপাশি সেগুলোকে সার্চ ইঞ্জিনে সাইন-পোস্টিংও করা লাগে।”
“আমাদের উপস্থিতি প্ল্যাটফর্মগুলোর গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। না হলে, সেগুলো ক্লিকবেইট, অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত তথ্যে ভরে যেত।”
ব্রিটিশ সংবাদপত্র সানের সম্পাদক ভিক্টোরিয়া নিউটন বলেন, সত্যিকারের সাংবাদিকতাকে সব ভাবেই সুরক্ষা দেওয়া উচিৎ।
অন্যদিকে, বিবিসি’র স্থানীয় রেডিও বিভাগ সরিয়ে অনলাইনে স্থানীয় সংবাদ প্রচারের বিষয়টিও সমালোচিত হয়েছে জরিপে, যেখানে ৮৬ শতাংশ সম্পাদক শঙ্কা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত ‘যুক্তরাজ্যের স্বাধীন স্থানীয় সাংবাদিকতার জন্য ক্ষতির কারণ হবে’।
“আমি স্থানীয় সংবাদপত্রের গুরুত্বের কথা বিশেষভাবে বলছি কারণ এগুলো ছাড়া আদালতের বিভিন্ন মামলা ও স্থানীয় সংবাদ অপ্রকাশিত থেকে যাবে।”
অগাস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে চালানো এই অনলাইন জরিপে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্যের ৩০ জন সম্পাদক।
