২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই ডিজাইন স্টুডিও কিনে নিলো ওপেনএআই

গত বছর কোম্পানিটির আয় ছিলো তিন কোটি ডলার। কিন্তু সিইও স্যাম অল্টম্যান বলেছেন এ বছর তিনি তাকে ২০ কোটি এবং পরের বছর একশ কোটি ডলারে নিয়ে যেতে চান।

এআই ডিজাইন স্টুডিও কিনে নিলো ওপেনএআই

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 05:37 PM

Updated : 17 Aug 2023, 05:36 PM

তুমুল সাড়া জাগানো অ্যাপ চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কিনে নিয়েছে গ্লোবাল ইলুমিনেশন নামের অন্য একটি এআই কোম্পানিকে। নিউইয়র্কভিত্তিক স্টার্টআপটি এআইনির্ভর বিভিন্ন সফটওয়্যার বা পণ্য তৈরি করে।

ওপেনএআই তাদের যাত্রার সাত বছরে এই প্রথম কোনো কোম্পানিকে কিনলো, তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষই।

“তারা ওপেনএআইয়ে এসে যা দেখবে, তা নিয়ে আমরা রোমাঞ্চিত।” অফিশিয়াল ব্লগে এক সংক্ষিপ্ত পোস্টে লিখেছে কোম্পানিটি। “চ্যাটজিপিটিসহ আমাদের মূল পণ্যগুলো নিয়ে কাজ করতে পুরো দলটি ওপেনএআইয়ে যোগ দিয়েছে।”

২০২১ সালে গ্লোবাল ইলুমিনেশনকে সামনে এনেছেন টমাস ডিমসন, টেইলর গর্ডন এবং জোয়ি ফ্লিন। আত্মপ্রকাশের পর থেকে অনেকগুলো প্রকল্পে যুক্ত ছিলো স্টার্টআপটি। উদ্যোক্তা অর্থায়ন কোম্পানি প্যারাডাইম, বেঞ্চমার্ক এবং স্লো-য়ের মতো উদ্যোক্তা সহায়ক কোম্পানির সমর্থন পাওয়া গ্লোবাল ইলুমিনেশন দলটি শুরুতে ইনস্টাগ্রাম ও ফেইসবুক সেইসঙ্গে ইউটিউব, গুগল, পিক্সার এবং রায়ট গেইমসের জন্য কাজ করেছে।

প্রকৌশল পরিচালক হিসাবে ইনস্টাগ্রামের ডিসকভারি অ্যালগরিদমকে ঢেলে সাজাতে ডিমসনের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। সেখানে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইনস্টাগ্রামের এক্সপ্লোর ট্যাব এক্সপেরিয়েন্স, ফিড অ্যান্ড স্টোরিজ র‍্যাংকিং, ইনস্টাগ্রাম টিভি এবং সাধারণ ডেটা প্রকৌশলের সূত্রপাত ঘটে।

গ্লোবাল ইলুমিনেশনের সর্বশেষ সৃষ্টি বায়োমেস নামের একটি ওপেনসোর্স রোলপ্লেয়িং ও মাল্টিপ্লেয়ার ওয়েব গেইম। গেইমটির ভবিষ্যত অস্পষ্ট, তবে এটা অনুমান করা যায় যে, ওপেনএআইয়ে দলটির কাজ বিনোদন সংশ্লিষ্ট হবে না।

এখন পর্যন্ত অন্য কারো কাছে নিজে বিক্রি না হলেও ওপেনএআই মাইক্রোসফটসহ অন্যান্য প্রধান প্রধান উদ্যোক্তা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তা পুষ্ট। সামনের কয়েক বছর নিজেদের চালানোর সঙ্গে সঙ্গে উদীয়মান কোনো এআই কোম্পানিতে বিনিয়োগ এবং অনুদানের মতো অর্থ রয়েছে কোম্পানিটির হাতে। 

লক্ষণ বলছে, বাণিজ্যিক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ওপেনএআই। বিশ্বব্যাপী এই তুমুল জনপ্রিয়তা লাভের আগে গতবছর কোম্পানিটির উন্নয়নে ব্যয় করতে হয়েছিলো ৫৪ কোটি ডলার, তার মধ্যে আছে গুগলের মতো কোম্পানি থেকে কর্মী টেনে আনার খরচও, প্রতিবেদনে বলেছে দ্যা ইনফরমেশন।

গত বছর কোম্পানিটির আয় ছিলো তিন কোটি ডলার। কিন্তু সিইও স্যাম অল্টম্যান বলেছেন এ বছর তিনি সেই অংকটিকে ২০ কোটি ডলার এবং এর পরের বছর একশো কোটি ডলারে নিয়ে যেতে চান।