বেসরকারি উদ্যোগে মহাকাশ যাত্রার ইতিহাস শুরু হল ইউরোপে
“আমি এত চিৎকার করেছি যে আমার গলা কাজ করছে না।” --উৎক্ষেপণের পরপরই বলেন পিএলডি স্পেস-এর সিইও রাউল তরেস।
ইউরোপ থেকে এই প্রথম কোনো প্রাইভেট কোম্পানি রকেট উৎক্ষেপণ করল। মাইলফলক সৃষ্টি করা এ কোম্পানির নাম ‘পিএলডি স্পেস’।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবারের শুরুতে স্পেনের দক্ষিণ-পূর্ব অংশের হুয়েলভা শহর থেকে ‘মিউরা-১’ নামের উদ্ধারযোগ্য রকেট উৎক্ষেপণ করেছে স্পেনীয় এই কোম্পানিটি। তবে, এর আগে স্টার্টআপ কোম্পানিটির দুটি প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল।
স্পেনীয় এক ‘লড়াকু ষাড়ের জাত’ থেকে নাম নেওয়া রকেটটির উচ্চতা তিন তলা বাড়ির সমান। আর এতে একশ কেজি পর্যন্ত মালামাল মহাকাশে বহন করা যাবে।
এক ভিডিও’তে দেখা যায়, রকেট রাতের আকাশে পৌঁছানোর পরপরই মিশনের প্রকৌশলীরা উচ্ছ্বাস করছেন ও একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন।
“আমি এত চিৎকার করেছি যে আমার গলা কাজ করছে না।” --উৎক্ষেপণের পরপরই বলেন পিএলডি স্পেস-এর সিইও রাউল তরেস।
তিনি আরও যোগ করেন, রকেটের সব ব্যবস্থাই ‘ঠিকঠাক’ কাজ করেছে। আর কোম্পানির কর্মীসংখ্যা তিন গুণ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “এটা কেবল শুরু।”
স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “মিউরা-১ রকেট উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছে শতভাগ স্পেনীয় প্রযুক্তি। আর এই মাইলফলক অর্জনের ফলে মহাকাশ পরিবহন খাতে স্পেনের গবেষণা ও বিকাশ অনেক দূর এগিয়ে যাবে।”
এই পরীক্ষামূলক ফ্লাইটের ব্যাপ্তি ছিল তিনশ ছয় সেকেন্ড। প্রযুক্তি সাইট স্পেস ডটকমের তথ্য অনুসারে, উৎক্ষেপণের পর রকেটের সর্বোচ্চ উচ্চতা ছিল ৪৬ কিলোমিটার, যা মিশন পরিকল্পনার প্রত্যাশার অর্ধেক।
এক বিবৃতিতে পিএলডি বলেছে, এই পুনর্ব্যবহারযোগ্য রকেট অবতরণ করেছে আটলান্টিক মহাসাগরে, যা শনিবার শেষ বেলায় উদ্ধার হওয়ার কথা।
উচ্চ বায়ুপ্রবাহের কারণে মে মাসে উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টা ভেস্তে যায়। জুন মাসে দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়। সেবার কারণ ছিল রকেটের তারগুলো সময়মতো বিচ্ছিন্ন না হওয়া। ফলে, রকেট থেকে ধোয়া ও আগুন নির্গত হওয়ার ব্যবস্থাটি বন্ধ হয়ে গিয়েছিল ও এর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
