২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল অ্যাভাটারের ঘোষণা দিয়ে কনসার্ট শেষ করল কিস

অ্যাভাটারগুলো শুধু ব্যান্ডের সদস্য পল স্ট্যানলি, জিন সিমন্স, টমি থেয়ার ও এরিক সিঙ্গারের সরাসরি রেপ্লিকাই নয় বরং তাদের ‘ফ্যান্টাসিভিত্তিক সুপার হিরো’ সংস্করণও।

ডিজিটাল অ্যাভাটারের ঘোষণা দিয়ে কনসার্ট শেষ করল কিস

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 08:09 PM

Updated : 04 Dec 2023, 08:09 PM

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিজেদের সর্বশেষ লাইভ কনসার্ট করে ফেলল ৮০’র দশকের জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘কিস’। তবে, এ সর্বশেষ কনসার্টের জন্যেও ‘সর্বপ্রথম’ কিছু একটা ঘটিয়ে ফেললেন ব্যান্ডের সদস্যরা।

ব্যান্ডের মূল সদস্যরা লাইভ কনসার্ট থেকে অবসর নিলেও এখন থেকে তাদের হয়ে পারফর্ম করবে তাদেরই চারটি ডিজিটাল অ্যাভাটার। নিজেদের ‘এন্ড অফ দ্য রোড’ ট্যুরের শেষ শো’তে দর্শকদের নতুন এ ভার্চুয়াল ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্যান্ডের সদস্যরা। এমনকি তারা কিস-এর জনপ্রিয় গান ‘গড গেইভ রক অ্যান্ড রোল টু ইউ’তেও পারফর্ম করেছে।

অ্যাভাটারগুলো বানাতে একজোট হয়েছিল সুইডেনভিত্তিক বিনোদন কোম্পানি ‘পপহাউজ এন্টারটেইনমেন্ট’ ও স্টার ওয়ার্স খ্যাত মার্কিন চলচ্চিত্রকার জর্জ লুকাসের ভিজুয়াল ইফেক্ট কোম্পানি ‘ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক’।

এর মধ্যে পপহাউজ বলেছে, অ্যাভাটারগুলো শুধু ব্যান্ডের সদস্য পল স্ট্যানলি, জিন সিমন্স, টমি থেয়ার ও এরিক সিঙ্গারের সরাসরি রেপ্লিকাই নয় বরং তাদের ‘ফ্যান্টাসিভিত্তিক সুপার হিরো’ সংস্করণও।

আর ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতে কিসের পারফর্ম করার ‘অন্যতম উপায়’ এটি।

এমনকি সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’র ডিজিটাল অ্যাভাটারও (‘অ্যাবাটার’ নামেও পরিচিত) বানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক। আর লন্ডনে ‘অ্যাবা ভয়েজ’ নামে এর শো নিয়মিতই চলছে।

কিস-এর ভার্চুয়াল পারফর্মেন্স নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। তবে, অদূর ভবিষ্যতে এমন অভিজ্ঞতা চালুর ঘোষণা এলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা জিন সিমন্স বলেন, ব্যান্ডকে এ প্রযুক্তি ‘চিরদিন তরুণ ও আইকনিক’ রাখবে।

ব্যান্ডের আরেক সহ-প্রতিষ্ঠাতা পল স্ট্যানলি এ ভার্চুয়াল অ্যাভাটারকে আখ্যা দিয়েছেন কিসকে ‘অমর রাখার’ উপায় হিসেবে। তিনি আরও বলেন, এর ফলে কিস কেবল একটি মিউজিক ব্যান্ডের গণ্ডি থেকে বেরিয়ে পুরোপুরি ভিন্ন পর্যায়ে পৌঁছে যেতে পারে।