২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সমালোচনা করে পদ ছাড়তে হল ওয়েব সামিট সিইও’র

“যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধই। এমনকি সেটা মিত্র দেশ করলেও। আর তারা যা করছে সেটা খোলাখুলিই বলা উচিৎ।” -- সমালোচিত পোস্টে লেখেন কসগ্রেভ।

ইসরায়েলের সমালোচনা করে পদ ছাড়তে হল ওয়েব সামিট সিইও’র

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 03:31 PM

Updated : 22 Oct 2023, 03:31 PM

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রধান নির্বাহীর মন্তব্যের জেরে এ বছরের ওয়েব সামিট থেকে সরে আসার পরিকল্পনা করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। এর পরপরই পদত্যাগ করেছেন আয়োজনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাডি কসগ্রেভ।

“দুর্ভাগ্যবশত আমার ব্যক্তিগত মতামতের প্রভাব আমাদের আয়োজন, দল, স্পন্সর, বিভিন্ন স্টার্টআপ ও আয়োজনে যোগ দিতে চাওয়া ব্যক্তিদের ওপর পড়েছে।” --বিবৃতিতে বলেন কসগ্রেভ।

“কাউকে দুঃখ দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

প্রতি বছর প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষ আয়োজন করে ওয়েব সামিট। কোম্পানির এক মুখপাত্র বলেন, শীঘ্রই এর নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী মাসে পর্তুগালের রাজধানী লিসবনে পরিকল্পিত আয়োজনটি বহাল তবিয়তেই চলবে।

শুক্রবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, গুগল ও মেটার পাশাপাশি ইনটেল ও সিমেন্সের মতো বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এবারের আয়োজনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্মেলনটি আয়োজিত হবে ১৩ থেকে ১৬ নভেম্বর।

১৩ অক্টোবর সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টের জেরে সমালোচনার মুখে পড়েন কসগ্রেভ, যেখানে ৭ অক্টোবর হামাসের রকেট হামলার বিপরীতে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।

“যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধই। এমনকি সেটা মিত্র দেশ করলেও। আর তারা যা করছে সেটা খোলাখুলিই বলা উচিৎ।” --পোস্টে লেখেন কসগ্রেভ। তবে, এর কিছুদিন পর মঙ্গলবার এ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পদত্যাগের পরও ওয়েব সামিটের সিংহভাগ মালিকানা থাকবে পাডি কসগ্রেভের দখলে।