সাইবার হামলার ঝুঁকি কমাতে কর্মীদের ইন্টারনেট সীমিত করল গুগল
বেশিরভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে হামলাকারীরা চাইলেই বাইরে থেকে অনাকাঙ্ক্ষিত কোড জুড়ে দিতে বা ডেটা হাতিয়ে নিতে পারবে না।
সাইবার হামলা সংশ্লিষ্ট ঝুঁকি কমিয়ে আনতে পরীক্ষামূলকভাবে কিছু কর্মীর ইন্টারনেট ব্যবহার সীমিত করেছে সার্চ জায়ান্ট গুগল।
সিএনবিসি এক প্রতিবেদনে বলছে, বুধবার থেকে গুগল তাদের কিছু কর্মীর ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে নতুন এই পরীক্ষার সূচনা করেছে।
ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার জন্য প্রাথমিকভাবে আড়াই হাজার কর্মী বাছাইয়ের পরিকল্পনা থাকলেও পরে বিভিন্ন মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত পাল্টায় গুগল। কেউ এ পরীক্ষামূলক প্রকল্পে থাকতে না চাইলে তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, বাছাই করা কিছু ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছে, যাতে কেবল কোম্পানির অভ্যন্তরীণ ওয়েব ভিত্তিক টুল এবং গুগল ড্রাইভ ও জিমেইলের মতো গুগল মালিকানাধীন ওয়েবসাইট ব্যবহার করা যাবে। তবে যেসব কর্মীর কাজের জন্য ইন্টারনেট দরকার, তারা এর আওতামুক্ত থাকবেন।
সেই সঙ্গে কিছু কর্মীর ‘রুট একসেস’ থাকবে না। অর্থাৎ, তারা তাদের কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার কাজ করতে পারবেন না।
অভ্যন্তরীণ এক নথিতে গুগল বলেছে, সাইবার হামলার ঝুঁকি কমাতেই পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ গুগল কর্মীদের অহরহই সাইবার আক্রমণের জন্য নিশানা করা হয়।
কোনো গুগল কর্মীর ডিভাইসের নিয়ন্ত্রণে নিতে পারলে হামলাকারীরা গ্রাহকের ডেটা ও কোডেরও নিয়ন্ত্রণ নিতে পারবে। আর তাতে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।
গুগলের ওই নথিতে বলা হয়, বেশিরভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে হামলাকারীরা চাইলেই বাইরে থেকে অনাকাঙ্ক্ষিত কোড জুড়ে দিতে বা ডেটা হাতিয়ে নিতে পারবে না।
বিভিন্ন কোম্পানির ওপর সাইবার আক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন উদ্যোগ নিল গুগল। গত সপ্তাহে মাইক্রোসফট বলেছে, দুই ডজন মার্কিন সংস্থা এবং সরকারের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে চীনা গোয়েন্দা সংস্থা।
গত বছর থেকে মার্কিন সরকারকে ক্লাউড সেবা দিয়ে আসছে গুগল। কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন নতুন প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে এ কোম্পানি।
অন্যদিকে, গত কয়েক মাস ধরে তথ্য ফাঁস ঠেকাতেও তাদের জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে।
