২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টায় কোটি ব্যবহারকারী ছাড়াল ‘থ্রেডস’

এক ব্যবহারকারী অভিযোগ করে বলেন, “আমার দেখা ৯৫ শতাংশ পোস্টই অপ্রাসঙ্গিক।” এ ছাড়া, ‘পোস্ট এডিটিং’ ‘হ্যাশট্যাগ’ ও ‘অ্যাকাউন্ট সুইচিং’সহ অনেক ফিচার নেই এতে।

৭ ঘণ্টায় কোটি ব্যবহারকারী ছাড়াল ‘থ্রেডস’

থ্রেডস অ্যাপের স্ক্রিনশট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 02:39 PM

Updated : 07 Jul 2023, 02:39 PM

উন্মোচনের প্রথম সাত ঘণ্টায় এক কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে মেটার তৈরি অ্যাপ ‘থ্রেডস’-- এমনই দাবি কোম্পানির সিইও মার্ক জাকারবার্গের।

ইউরোপ বাদ দিয়ে গোটা বিশ্বের একশ’র বেশি দেশে থ্রেডস অ্যাপটি চালু হয়েছে। আর ব্লুস্কাইয়ের মতো টুইটারের বিকল্প প্ল্যাটফর্মের তুলনায় নতুন অ্যাপে সাইন আপ করার গতিও বেশি। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির অ্যাপটিতে সাইনআপ করতে এখনও ‘ইনভাইটেশন কোড’ লাগে।

এই মাইলফলক উদযাপনে এক দশকেরও বেশি সময় পর টুইট করেছেন জাকারবার্গ। ওই টুইটে ‘ক্লাসিক স্পাইডারম্যান স্ট্যান্ডঅফ’ (দুটি জমজ স্পাইডারম্যানের মুখোমুখি দাঁড়িয়ে থাকা)-এর ছবি পোস্ট করেন তিনি।

আর, থ্রেডস অ্যাপে জাকারবার্গ পোস্ট করেন -  “মাত্র সাত ঘণ্টায় এক কোটি সাইন আপ!”

তবে, প্রাথমিকভাবে সাইটটিতে কয়েকটি সমস্যাও দেখা গেছে। সবচেয়ে বড় অভিযোগ কালানুক্রমিক ও ‘ফলোয়িং ওনলি’ ফিড না থাকার বিষয়টি, যেখানে ব্যবহারকারী কেবল থ্রেডের অ্যালগরিদম অনুসারে অ্যাপটি চালাতে পারেন।

এক ব্যবহারকারী অভিযোগ জানিয়ে বলেন, “আমার দেখা ৯৫ শতাংশ পোস্টই অপ্রাসঙ্গিক।” এ ছাড়া, ‘পোস্ট এডিটিং’ (ফেইসবুক ও ইনস্টাগ্রাম দুটোতেই আছে), ‘হ্যাশট্যাগ’ ও ‘অ্যাকাউন্ট সুইচিং’সহ অনেক ফিচার নেই এতে।

এই বিষয়ে মোসেরি থ্রেডস-এ দেওয়া এক পোস্টে বলেন, তার পরিকল্পনায় ফলোয়িং ওনলি ফিচারটি রয়েছে। আর সেটা পোস্ট এডিটিং ও অ্যাকাউন্ট সুইচিংয়ের বেলাতেও প্রযোজ্য। তিনি আরও যোগ করেন, অ্যাপে হ্যাশট্যাগও ‘সময়মতো’ চলে আসবে।

ব্যবহারকারীর বিবেচনায় আরেকটি বড় সমস্যা হলো থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণ না থাকার বিষয়টি। ইনস্টাগ্রামও দীর্ঘদিন এই পরিস্থিতির মধ্যে ছিল। থ্রেডস অ্যাপটি ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে ‘রিড অনলি’ হিসেবে। আর পোস্ট করা যাচ্ছে কেবল আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে।

এদিকে, থ্রেডস অ্যাপের নকশা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে ব্যবহারকারীদের একটি অংশ এর লেআউটকে টুইটারের চেয়ে ‘কম সহজ’ বলে আখ্যা দিয়েছেন।

অ্যাপের আরেক গুরুত্বপূর্ণ সমস্যা হলো ‘ভেরিফিকেশন’। এর আগে টুইটারের ভেরিফিকেশন ব্যবস্থা বদলে একে ‘ব্লু’ গ্রাহক সেবার অধীনে নিয়ে এসেছেন ইলন মাস্ক। ফলে, অনেক ব্যবহারকারীই প্ল্যাটফর্মটি চালানোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। আর বিভিন্ন অ্যাথলেট, সেলিব্রিটি ও সংবাদকর্মীদের অফিসিয়াল অ্যাকাউন্ট শনাক্ত করাও জটিল হয়ে ওঠে।

এখন পর্যন্ত শুধু ইনস্টাগ্রামে ভেরিফাই হওয়া (ফেইসবুক নয়) ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপে নীল টিক পেয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের দখলে থাকা ইনস্টাগ্রামেও ভেরিফিকেশন ব্যবস্থা দিন দিন জটিল হয়ে উঠছে।

তবে, থ্রেডস অ্যাপটি বিবেচিত হচ্ছে কথোপকথন ভিত্তিক সেবা হিসেবে। তবে, টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চাইলে এটি সংবাদের প্রতি বেশি মনযোগ দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। তাই ফেইসবুকে ভেরিফাই করা অ্যাকাউন্ট থ্রেডস অ্যাপে ভেরিফাই করাও যুক্তিসঙ্গত। তবে, নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালুর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।