ফেইসবুক মার্কেটপ্লেসে সম্ভাব্য ‘জালিয়াতি’ বুঝবেন যেভাবে
ব্যবহারকারীদের কাছে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বাড়ার পাশপাশি ‘পণ্য কেনা-বেচার’ অন্যতম মাধ্যম ফেইসবুক মার্কেটপ্লেসে ‘জালিয়াতির’ শঙ্কাও বেড়েছে।
গ্রাহকদের জন্য ‘পণ্য কেনা-বেচার’ অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফেইসবুক মার্কেটপ্লেস। তবে, ব্যবহারকারীদের কাছে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বাড়ার পাশপাশি এতে ‘জালিয়াতির’ শঙ্কাও বেড়েছে।
স্মার্টফোন, ফার্নিচার, সৌন্দর্য ভিত্তিক পণ্য, গেইম ও ব্যবহার করা গাড়ি’সহ সকল কিছুই মেলে এই প্ল্যাটফর্মে। ১০ লাখের বেশি অনলাইন শপ থাকা এই প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারী সংখ্যা একশ কোটি।
বিভিন্ন ধরনের পণ্য কেনা, বেচা ও বাণিজ্যের উদ্দেশ্যে সকলের জন্যই উন্মুক্ত ফেইসবুক মার্কেটপ্লেস। ফেইসবুক যেহেতু বিক্রেতা যাচাই করে না, এর সুযোগ নিয়ে স্ক্যামাররা অন্য কারও পরিচয়ে পোস্ট করে গ্রাহকদের প্রলোভন দেখিয়ে ভূয়া বা ত্রুটিযুক্ত পণ্য ‘গছিয়ে দিতে’ পারে।
এই ধরনের জালিয়াতি ঠেকানোর কয়েকটি ‘উপায়’ প্রতিবেদনে তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। এগুলো মাধ্যমে প্ল্যাটফর্মের কোনো ‘অতিরঞ্জিত’ পণ্যের জাল বিজ্ঞাপন এড়ানোর পাশাপাশি মার্কেটপ্লেসে জালিয়াতির হাত থেকে রক্ষা মিলবে বলে দাবি করছে সাইটটি।
ফেইসবুক মার্কেটপ্লেসের জালিয়াতি দেখতে ‘বিশ্বাসযোগ্য’ মনে হলেও এটি বোঝার কৌশল একবার রপ্ত করতে পারলে প্ল্যাটফর্মটিতে থাকা প্রতারকদের চিহ্নিত করা তুলনামূলক সহজ হবে।
বিক্রেতার প্রোফাইল যাচাই
প্রতারক শনাক্তে সবচেয়ে মৌলিক উপায় দিয়ে শুরু করা যাক। বিক্রেতাকে বার্তা পাঠানোর আগে তার ‘ইনফো পেইজ’ যাচাই করতে হবে।। এতে কোনো প্রোফাইল পিকচার, ইমেইজ ব্যানার বা অতীতের মার্কেটপ্লেস তালিকা না দেখা গেলে এটি ‘ভূয়া বিক্রেতা’ হওয়ার সম্ভাবনাই বেশি, যে প্ল্যাটফর্মের ক্রেতাদের ঠকাতে চায়।
ভালো পণ্যের ‘কম দাম’
কোনো বিক্রেতা কি কেবল দুইশ ডলারে ভালো মানের নতুন অ্যান্ড্রয়েড ফোন বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছে? অথবা কেউ কি পাঁচশ ৪৯ ডলারের ‘এয়ারপড ম্যাক্স’ মাত্র একশ ডলারে দিতে চাচ্ছে?
এই ধরনের বিজ্ঞাপন ঝুঁকিপুর্ণ। সেরা ‘ব্ল্যাক ফ্রাইডে’র চুক্তিতেও বিভিন্ন জনপ্রিয় পণ্যে এমন উচ্চ মূল্যহ্রাসের নজির মেলে না। এই ফাঁদে পা দিলে ক্রেতার কাছে হয় জাল পণ্য আসবে অথবা তিনি কিছুই পাবেন না।
এমন পণ্যের বেলায় নজর রাখার পরামর্শ দিয়েছে সাইটটি। কিছু সংখ্যক বিক্রেতা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কম দামী পণ্যের বিজ্ঞাপন দেওয়ার পর অন্য কোনো দামী পণ্য বা একই পণ্য উচ্চ দামে বিক্রির চেষ্টা করেন। এই কৌশল ‘বেইট অ্যান্ড সুইচ’ নামে পরিচিত।
বিক্রেতা অন্য প্ল্যাটফর্মে অর্থ পরিশোধ করতে বললে
পণ্য কিনতে ক্রেতাদের কেবল ‘পেপাল’ বা ‘ফেইসবুক চেকআউট’-এর মতো গ্রহনযোগ্য মুল্য পরিশোধ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিস। কারণ, নিজস্ব ‘ক্রয় সুরক্ষা’ ব্যবস্থা থাকায় এই পদ্ধতিগুলো নিরাপদ। আর কারও কাছে পণ্য না পৌঁছালে তিনি এর একটি ‘রিফান্ড’ পাবেন।
কোনো বিক্রেতা ‘ভেনমো’, ‘ক্যাশঅ্যাপ’ বা ক্রিপ্টোর মাধ্যমে অর্থ পরিশোধ করতে বললে, তা বিপজ্জনক হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি মূল্যছাড়ের প্রলোভন দেখিয়েও ক্রেতাদের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অর্থ পরিশোধ করতে বলে কিছু সংখ্যক বিক্রেতা। এমন ফাঁদেও পা ফেলা যাবে না।
বিক্রেতা অন্য প্ল্যাটফর্মে কথা বলতে চাইলে
ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষকেই ফেইসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে যোগাযোগ রাখতে বলেছে অ্যান্ড্রয়েড পুলিস। কোনো বিক্রেতা টেলিগ্রাম বা সিগনালের মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপে কথা বলতে চায়, তবে সেটি প্রত্যাখ্যান করে প্রতারকদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সাইটটি।
বিক্রেতা সরাসরি দেখা করতে না চাইলে
বিক্রেতার সঙ্গে দেখা করার মাধ্যমে অর্থ পরিশোধের আগে পণ্য যাচাইয়ের সুযোগ মেলে। বিক্রেতা একই এলাকা বা শহরে থাকার পরও পণ্য যাচাইয়ের উদ্দেশ্যে ক্রেতার সঙ্গে দেখা করতে না চাইলে, মার্কেটপ্লেসে এমন বিজ্ঞাপন এড়িয়ে যাওয়াই উত্তম।
বিক্রেতার সঙ্গে দেখা করার ক্ষেত্রেও নিশ্চিত করতে হবে, সেটি যেন দিনের বেলায় কোনো ‘পাবলিক প্লেসে’ হয়। পাশাপাশি, পণ্য যাচাই করতে একজন বিশেষজ্ঞ বা বন্ধুকে সঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিস।
বিক্রেতা আগাম অর্থ নিতে চাইলে
কখনও কখনও, বিক্রেতা হয়তো ক্রেতাদের কাছে পণ্যের আগাম অর্থ চাইতে পারেন। ফলে, বিক্রেতা একই পণ্যের জন্য অন্যান্য ক্রেতার কাছ থেকেও আগাম অর্থ নিতে পারে, এমন ঝুঁকির কথাও উড়িয়ে দেওয়া যায় না।
গাড়ি বা বাড়ি ভাড়া নেওয়ার সময়, সেটি নিশ্চিত করতে দালালরা আগাম অর্থ চাইতে পারে। এই ধরনের বিক্রেতা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সাইটটি।
ফেইসবুক মার্কেটপ্লেস বিভিন্ন ভাড়া ও সম্পত্তি সম্পর্কিত পোস্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত। ‘ব্যাকগ্রাউন্ড চেক ফি’ বা কাগজপত্র করে দেওয়ার নামে কেউ অপ্রাসঙ্গিক চার্জ দাবি করলে ওই ধরনের বিক্রেতা এড়িয়ে যাওয়া উচিৎ।
যদি সম্ভব হয়, ওই সম্পত্তি পরিদর্শন বা এলাকার পরিচিত কারও মাধ্যমে ক্রেতাকে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে সাইটটি। কারণ, অন্যান্য ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি নিজের নামে ভাড়া দেওয়ার পোস্ট করে, এমন নকল বিক্রেতা পুরো মার্কেটপ্লেসজুড়েই আছে।
অর্থ পরিশোধের আগেই ক্রেতা পণ্য পাঠাতে বলে
বিক্রেতা হিসেবে এমন ক্রেতাদের এড়িয়ে যাওয়া উচিৎ, যারা অর্থ পরিশোধের আগেই পণ্য পাঠিয়ে দিতে বলে। এই ধরনের প্রতারকরা বোঝানোর চেষ্টা করে যে অর্থ পরিশোধের আগে তাদের পণ্যের সার্বিক অবস্থা যাচাই করা প্রয়োজন। এর পর, পরিত্যাক্ত একটি জায়গা থেকে পণ্য গ্রহণের পর তাদের কোনো হদিস খুঁজে পাওয়া যায় না।
ফেইসবুক মার্কেটপ্লেসে প্রতারিত হলে কী করবেন?
ভুক্তভোগীর অর্থ ফেরানোর সহায়ক হিসেবে ‘পার্চেস প্রোটেকশন’ নামের নীতিমালা তৈরি করেছে এই সামাজিক জায়ান্ট।
নিম্নলিখিত পরিস্থিতিগুলোর বেলায় এটি কাজ করবে:
ক্রেতা কোনো পণ্য না পেলে।
ক্রয়কৃত পণ্য ক্ষতিগ্রস্থ হলে বা পণ্যের বর্ণনার চেয়ে একেবারে আলাদা কোনো পণ্য পেলে।
বিক্রেতা ফেইসবুকের ‘রিফান্ড’ নীতিমালা অনুসরণ না করলে।
নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে বিক্রেতার বিরুদ্ধে ফেইসবুকে অভিযোগ জানানো যাবে:
ফেইসবুক মার্কেটপ্লেসের প্রোডাক্ট লিস্টিং পেইজে প্রবেশ করুন।
বিক্রেতার প্রোফাইল পিকচারে কার্সর রাখুন।
ভাসমান মেনুতে থাকা ‘রিপোর্ট’ অপশন বাছাই করুন।
বিক্রেতার বিরুদ্ধে অভিযোগের কারণ বাছাই করুন।
পরবর্তীতে, ক্রেতার কাছে জালিয়াতির প্রমাণ চায় ফেইসবুক। তবে, মনে রাখা ভালো, একটি স্বাধীন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মার্কেটপ্লেসে থাকা হাজার হাজার ‘লিস্টিং’ ফেইসবুকের নীতিমালা ভেঙেছে এবং প্রতারকদের হাত থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
