ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন ও কর্মশালা শুরু হল ঢাকায়
এবার প্রশিক্ষণার্থীদের মধ্যে নারী প্রকৌশলীর সংখ্যা ১০ শতাংশের বেশি যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি, ১৪ শতাংশ এসেছেন সরকারি বিভিন্ন সংস্থা থেকে।
প্রশিক্ষণ ভেনুর বিশাল কক্ষে বর্ডার বিজিপি ইন্টারনেট প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল (আইপি) এর সর্বশেষ সংস্করণ আইপিভি৬ প্রয়োগের কারিগরি বিষয় হাতে কলমে শিখছেন একশ’র বেশি নেটওয়ার্ক পেশাজীবী। ইন্টারনেট অবকাঠামো যে প্রকৌশলীরা চালান তাদেরই সম্মেলন চলেছে ঢাকায়। সে সম্মেলনেরই অংশ এই কর্মশালা।
দক্ষিণ এশিয়া অঞ্চলের ইন্টারনেট প্রকৌশলীদের শীর্ষ সংগঠন- সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (স্যানগ)-এর ৩৯তম এবং বাংলাদেশ চ্যাপ্টার বিডিনগ এর ১৬শ সম্মেলন চলছে ঢাকায়।
বুধবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনটি ভাগে শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিচ্ছেন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা ও ভারতের মোট ১২১ জন প্রশিক্ষণার্থী। এ ছাড়াও বাংলাদেশের ৪জন সহ মোট ১১জন ফেলোশিপ প্রাপ্ত নেটওয়ার্ক প্রকৌশলী এতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।
তাদেরকে স্বশাসিত সিস্টেমে টিসিপি রাউটিং ও ডোমেইন রাউটিং সমর্থন ব্যবস্থার প্রায়োগিক সমস্যার সমাধান শিখিয়েছেন এপনিক এর দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ট্রেইনিং ডেলিভারিং ম্যানেজার টেরি স্যুইটজার, কনটেন্ট ডেভেলপার মো. আব্দুল্লাহ আল নাসের এবং হোম নেটওয়ার্ক প্রকৌশলী জোবায়ের খান।
এ ছাড়াও মধুমতি হলে অনুষ্ঠিত নেটওয়ার্ক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেন এপনিক এর কারিগরি প্রশিক্ষক ও জ্যেষ্ঠ নেটওয়ার্ক অ্যানালিস্ট ওয়ারেন ফিঞ্চ, এ এস এম শামীম রেজা এবং সিস্টেম সার্ভিস প্রকৌশলী সুমন সাহা। এ কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ জন।
এরই পাশাপাশি তুরাগ হলে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে চলমান কারিগরি কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৩১ জন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যারিকেন ইলেকট্রিক এর নেটওয়ার্ক গবেষক অনুরাগ ভাটিয়া, হোম নেটওয়ার্কর্সের সহ-প্রতিষ্ঠাতা রূপেশ বাসনেট এবং সিগ কো-চেয়ার শায়লা শারমিন।
কর্মশালা বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, এবার প্রশিক্ষণার্থীদের মধ্যে নারী প্রকৌশলীর সংখ্যা ১০ শতাংশের বেশি যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। একইভাবে বেসরকারি খাতে নিয়োজিতদের পাশাপাশি মোট অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ শতাংশই সরকারি বিভিন্ন সংস্থা থেকে এসেছেন।
“সরকারি-বেসরকারি যৌথ দক্ষতা উন্নয়নের মাধ্যমে আশা করি, স্মার্ট বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবস্থাও এই প্রকৌশলীদের মাধ্যমেই আরো টেকসই, অংশগ্রহণমূলক এবং সুরক্ষিত হবে।”
১৩ মে পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মশালা। সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের স্যানগ৩৯ ও বিডিনগ১৬ সম্মেলন।
