মহাকাশ স্টেশন থেকে চার নভোচারী নিয়ে ফিরলো স্পেসএক্স
ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের ঘষায় তীব্র গরম হয়ে ওঠে এই ক্যাপসুল। ফলে, এর বাইরের অংশের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় এক হাজার নয়শ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)’-এ অভিযান শেষে ভূপৃষ্ঠে নিরাপদে অবতরণ করেছে স্পেসএক্সের চতুর্থ দীর্ঘমেয়াদী নভোচারী দল। এক ইতালীয় নভোচারীর নেতৃত্বে তিন মার্কিনী ছিলেন এতে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ১৪ অক্টোবর, মহাকাশ স্টেশনে ছয় মাসের গবেষণা শেষে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেন নভোচারীরা।
মহাকাশ স্টেশন থেকে ‘ফ্রিডম’ নামে পরিচিত স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে স্বয়ংক্রিয় এক ফ্লাইটে পাঁচ ঘন্টার যাত্রা শেষে প্যারাসুটের মাধ্যমে সমুদ্রে অবতরণ করেন মার্কিন ও ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র নভোচারীরা।
২৭ এপ্রিল থেকেই মহাকাশে অবস্থান করছিল এই ফ্রিডম ক্যাপসুল। মহাকাশ স্টেশনে এই অভিযানের নেতৃত্বে ছিলেন ৪৫ বছর বয়সী ইতালির নভোচারী সামান্থা ক্রিস্তোফরেত্তি।
এই দলে আরও ছিলেন নাসার তিন মার্কিন নভোচারী জেল লিন্ডগ্রেন (৪৯), জেসিকা ওয়াটকিনস (৩৪) ও বব হাইনস (৪৭)। দীর্ঘমেয়াদী আইএসএস অভিযানে পাঠানো প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন নারী হিসেবে এতে অংশ নেন ওয়াটকিনস।
প্রতিবেদন অনুযায়ী, নভোচারীরা খোলা আকাশের নীচে থাকা সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন পূর্বাঞ্চলীয় (নিউ ইয়র্ক) সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিট)। নাসা ও স্পেসএক্সের যৌথ ওয়েবকাস্টে সরাসরি সম্প্রচারিত হয় এটি।
অবতরণের এক ঘন্টারও কম সময়ের মধ্যে মহাকাশের তীব্র তাপে বিবর্ণ ক্যাপসুলের মুখ খোলার আগেই ক্রু ড্রাগনকে একটি জাহাজে তোলে উদ্ধারকারী দলগুলো। এর ফলে, ২৪ সপ্তাহেরও বেশি সময় পর পৃথিবীর ‘তাজা বাতাসে প্রথম নিঃশ্বাস’ নিতে পেরেছেন এই চার নভোচারী।
এর পরও, সাদাকালো হেলমেট পরে একশ ৭০ দিন ওজনহীন অবস্থায় থাকায় তাদের শক্তি ও ভারসাম্য নড়বড়ে হয়ে গিয়েছিল। ফলে, ক্যামেরায় ‘থাম্বস-আপ’ দেওয়ার সময় বিশেষ এক ধরনের স্ট্রেচারের সহায়তা নিতে হয়েছে এই চার নভোচারীকে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জ্যেষ্ঠ নাসা নভোচারী মেগান ম্যাকআর্থারের নামে রাখা একটি জাহাজের ডেকে তাদের অভ্যর্থনা জানানো হয়।
হেলিকপ্টারে করে ফ্লোরিডায় উড্ডয়নের আগে, ওই জাহাজে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়েছে প্রত্যাবর্তনকারী নভোচারীদের।
তীব্র তাপ ঠেলে প্রত্যাবর্তন, এর পর প্যারাসুট
মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের ঘষায় তীব্র গরম হয়ে ওঠে এই ক্যাপসুল। ফলে, এর বাইরের অংশের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় এক হাজার নয়শ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
অবতরণের চূড়ান্ত পর্যায়ে, ক্যাপসুলের ওপর থেকে দুই সেট প্যারাসুট উন্মুক্ত করা হয়, যে কারণে ফ্লোরিডার জ্যাকসনভিলের সমুদ্রপৃষ্ঠে আঘাতের আগে এর গতি কমে দাঁড়ায় ঘণ্টায় ২৪ কিলোমিটার।
মহাকাশ স্টেশনে থাকাকালীন প্রতি ৯০ মিনিটে একবারের হিসাবে পৃথিবীকে দুই হাজার সাতশ ২০ বার প্রদক্ষিণ করেছে এই নভোচারী দল।
নাসার হিসাবে এই দুরত্ব ১১ কোটি ৬০ লাখ কিলোমিটার।
রয়টার্সের প্রতিবেদন বলছে, এই নভোচারী দলের নাম ‘ক্রু-৪’, যা ২০২০ সালের মে মাসের পর থেকে টেসলা সিইও ইলন মাস্কের প্রতিষ্ঠিত বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্সের মাধ্যমে মহাকাশ স্টেশনে নাসার জন্য পাঠানো চতুর্থ পূর্ণাঙ্গ দীর্ঘ-মেয়াদী নভোচারীর দল।
বেশিরভাগ আইএসএস নভোচারীর প্রাথমিক গবেষণার বিষয় বিজ্ঞান-ভিত্তিক। সেখানকার পরিবেশে বিভিন্ন ধরনের পরীক্ষা ও প্রযুক্তি পর্যবেক্ষণ করেন তারা।
এর মধ্যে রয়েছে মানব কোষে মাইক্রোগ্রাভিটি-ভিত্তিক পরিবর্তনের ওপর গবেষণা, যা বার্ধক্যের সঙ্গে সম্পৃক্ত। আর কক্ষপথে রোগ প্রতিরোধ ক্ষমতা, পরিপাক তন্ত্র ও অন্ত্রের বিভিন্ন পুষ্টি সূচকের ওপর ভিত্তি করে খাবারের তালিকায় উন্নতির প্রভাব নথিভুক্ত করা।
পাশাপাশি, ওজনহীন অবস্থায় আগুন ও জ্বালানীর আচরণ এবং মাটির পরিবর্তে তরল ও বায়ু-ভিত্তিক উপকরণের মাধ্যমে চাষাবাদ বাড়ানোর গবেষণাতেও অংশ নিয়েছেন তারা।
প্রতিস্থাপনকারী দল ‘ক্রু-৫’ মহাকাশ স্টেশনে পৌছানোর এক সপ্তাহ পরই বিদায়ের পালা চলে আসে ‘ক্রু-৪’-এর। নতুন এই দলে আছেন রাশিয়া ও জাপানের একজন করে ও নাসার দুই নভোচারী। এই দলে প্রথম আদিবাসী মার্কিন নারী মহাকাশে যাবেন।
সেপ্টেম্বরে সয়ুজ নভোযানে আইএসএস-তে আসা রাশিয়ার দুই নভোচারী ও মার্কিন এক নভোচারীর সঙ্গে অবস্থান করছেন ‘ক্রু-৫’-এর সদস্যরা। ‘ক্রু-৪’ বিদায় নেওয়ার আগে তাদের কাছ থেকে আইএসএস-এর নেতৃত্ব বুঝে নিয়েছিলেন রাশিয়ার কসমোনট সার্গেই প্রোকোফিভ।
যুক্তরাষ্ট্রের একটি ফুটবল মাঠের মতোই বড় হয়ে উঠেছে আইএসএস। ২০০০ সাল থেকেই যৌথভাবে এর পরিচালনার নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, যেখানে অংশীদার হিসেবে আরও আছে কানাডা, জাপানসহ ইউরোপের ১১টি দেশ।
