এবার চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ পাবেন মার্সিডিজ চালকরা
এর আগে চালক ও যাত্রীর জন্য কণ্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন অনুরোধ জানানোর সুবিধা এসেছে এই ব্র্যান্ডের গাড়িতে। উদাহরণ হিসেবে ধরা যায়, সিস্টেমকে গাড়ির সিট হিটার চালু করতে বলা।
শীঘ্রই ‘রাস্তায় চলাচল করবে’ ওপেনএআই’র তৈরি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।
জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ বেঞ্জ বলেছে, ১৬ জুন থেকে শুরু হওয়া এক পরীক্ষার অংশ হিসেবে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের মার্সিডিজ চালকরা।
কোম্পানি বৃহস্পতিবারের ঘোষণায় আরও বলেছে, এই ব্র্যান্ডের যে নয় লাখ গাড়িতে ‘এমবিইউএক্স’ ব্যবস্থা আছে, তারা কোম্পানির নিজস্ব অ্যাপ বা ভয়েস কমান্ডের মাধ্যমে চ্যাটজিপিটি ডাউনলোড করতে পারবেন। আর এই পরীক্ষা চলবে তিন মাস, যেখানে চালকরা কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করেন, সেটি পর্যবেক্ষণ করবে কোম্পানিটি।
মার্সিডিজ বলেছে, চ্যাটজিপিটি কোম্পানির গাড়ির সিস্টেমের বিভিন্ন জবাবকে আরও স্বাভাবিক করে তুলবে। পাশাপাশি, চালকদের গন্তব্যের তথ্য জিজ্ঞেস বা রাতের খাবারে কী রান্না করতে হবে, এমন প্রশ্নেরও সমাধান দিতে পারবে এটি।
এর আগে চালক ও যাত্রীর জন্য কণ্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন অনুরোধ জানানোর সুবিধা এনেছে এই অটোমেকার। উদাহরণ হিসেবে ধরা যায়, সিস্টেমকে গাড়ির সিট হিটার চালু করতে বলা।
চ্যাটজিপিটি’র সঙ্গে চুক্তি মাইক্রসফটের জন্য ‘বড় ব্যবসা’ হিসেবে দেখা হচ্ছে। এরইমধ্যে নিজস্ব ক্লাউড সেবায় জনপ্রিয় এই চ্যাটবটের একটি সংস্করণ চালু করেছে এই প্রযুক্তি জায়ান্ট।
প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যামাজন দীর্ঘদিন ধরেই গাড়িতে নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যালেক্সা’ ইনস্টল করে আসছে। তবে, চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই’র পেছনে বিনিয়োগ করে মাইক্রোসফট এখন এর জবাব দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
জার্মান এই গাড়ি নির্মাতা বলেছে, কেবল ‘হেই মার্সিডিজ’ শব্দগুচ্ছ ব্যবহার করে কমান্ড দেওয়া যাবে, বিষয়টি এমন নয়। বরং গাড়ির চালক এর সঙ্গে আলাপ চালিয়েও যেতে পারবেন।
আলাদা এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ‘প্লাগ-ইন’ নামে পরিচিত এই চলমান প্রচেষ্টা একদিন চালকদের ‘রেস্টুরেন্ট রিজারভেশন’, সিনেমার টিকিট বুকিং ও চলকের আসনে বসে অন্যান্য কাজ করার সুবিধা দেবে।
এই পরীক্ষার ফলাফল মার্সিডিজের ‘অন্যান্য দেশ ও ভাষায় একই উদ্যোগ নিতে সাহায্য করবে। বিশ্লেষণের জন্য এই ভয়েস ডাটা মার্সিডিজের ক্লাউড স্টোরেজে বেনামে সংরক্ষণের কথা বলেছে কোম্পানিটি।
মার্চে মার্সিডিজের প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটর্স বলেছে, মাইক্রোসফটের সঙ্গে বিস্তৃত পরিসরে যৌথভাবে কাজ করার লক্ষ্যে তারা নিজেদের যানবাহনে চ্যাটজিপিটি ব্যবহারের বিভিন্ন উপায় খুঁজে দেখছে।
