০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এআই প্রশিক্ষণে এবার অ্যানথ্রপিক চায় ব্যবহারকারীদের ভয়েস

ভয়েস ডেটা শেয়ার করার প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে ‘অ্যালাউ’ বা ‘নট নাউ’ এ দুটির যে কোনো একটি বেছে নিতে পারবেন।

এআই প্রশিক্ষণে এবার অ্যানথ্রপিক চায় ব্যবহারকারীদের ভয়েস

প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে বা মত পরিবর্তন হলে ব্যবহারকারীরা যে কোনো সময় এই অপশনটি বন্ধ করে দিতে পারেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 10:14 AM

Updated : 05 Oct 2026, 10:14 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলোকে আরও সক্ষম ও নির্ভুল করে তুলতে ব্যবহারকারীদের ভয়েস বা কণ্ঠের আলাপ স্বেচ্ছায় শেয়ার করার আহ্বান জানিয়েছে এআই কেন্দ্রিক মার্কিন কোম্পানি অ্যানথ্রপিক।

সাইবার সিকিউরিটি ও প্রযুক্তি সাইট ব্লিপিংকম্পিউটিার প্রতিবেদনে লিখেছে, নিজেদের জনপ্রিয় এআই চ্যাটবট ক্লড-এর ভয়েস ফিচার ব্যবহারের সময় সম্প্রতি নতুন এই প্রম্পটটি দেখা যাচ্ছে, যেখানে এআই মডেল প্রশিক্ষণের কাজে ভয়েস ডেটা ব্যবহারের অনুমতি চাইছে কোম্পানিটি।

প্রম্পটে অ্যানথ্রপিক বলেছে, “আমাদের এআই মডেলগুলোকে উন্নত করতে এবং মানুষের কথা আরও ভালোভাবে বুঝতে ও এতে সাড়া দিতে সাহায্য করে ভয়েস রেকর্ডিং ও ভয়েস চ্যাটিং ডেটা। আপনি চাইলে সেটিংস থেকে যে কোনো সময় এটা বন্ধ করতে বা ডেটা মুছে ফেলতে পারেন।”

তবে ব্যবহারকারীদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, এই ভয়েস ডেটা শেয়ার করার প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে ‘অ্যালাও’ বা ‘নট নাও’ এ দুটির যে কোনো একটি বেছে নিতে পারেন।

এ ছাড়া, ক্লডের প্রাইভেসি সেটিংসে এই ডেটা নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট টগল বা অপশনও যোগ করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকের প্রচলিত অন্যান্য নীতিমালার চেয়ে ভয়েস প্রশিক্ষণের বিষয়টি কিছুটা আলাদা। যার মানে, ব্যবহারকারীরা চাইলে তাদের সাধারণ টেক্সট চ্যাটিং বা কোডিং সেশনগুলোকে মডেল প্রশিক্ষণের বাইরে রেখে কেবল ভয়েস আলাপ ব্যবহারের অনুমতি দিতে বা চাইলে এর বিপরীত ব্যবস্থাও বেছে নিতে পারেন।

ক্লডের ভয়েস ডেটা প্রশিক্ষণে নতুন প্রাইভেসি টগল

ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখে ক্লডে ভয়েস ডেটা প্রশিক্ষণের জন্য আলাদা টগল যোগ করেছে অ্যানথ্রপিক।

‘সেটিংস’-এর ‘প্রাইভেসি’ অপশনে ফিচারটি রয়েছে, যেখানে অ্যানথ্রপিক বিষয়টিকে ‘আমাদের ভয়েস ডেটা ব্যবহারের অনুমতি দিন’ হিসেবেও বর্ণনা করেছে।

সেটিংসের বিবরণে বলা হয়েছে, “অনুমোদিত সেশনগুলোর ক্ষেত্রে অ্যানথ্রপিক এআই মডেলের মানোন্নয়নে আপনার অডিও রেকর্ডিং ও ভয়েস চ্যাট ডেটা ব্যবহারের অনুমতি দিন।”

ব্যবহারকারীদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে ইন্টারফেইসে সেটিংটি ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ‘বন্ধ’ থাকে, অর্থাৎ অ্যানথ্রপিক ব্যবহারকারীদের অজান্তে বা স্বয়ংক্রিয়ভাবে তাদের ভয়েস রেকর্ড করে প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে না।

প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে বা মত পরিবর্তন হলে ব্যবহারকারীরা যে কোনো সময় এই অপশনটি বন্ধ করে দিতে পারেন।

অ্যানথ্রপিক বলেছে, ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে নিজেদের আগে দেওয়া ভয়েস ডেটা মুছেও ফেলতে পারবেন।