স্মার্টফোন সরবরাহ কমায় প্রান্তিক আয় কমেছে: স্যামসাং
স্যামসাং আশা করছে, বছরের দ্বিতীয়ার্ধে সামগ্রিক স্মার্টফোনের বাজার পুনরায় সচল হবে, বিশেষ করে প্রিমিয়াম সংস্করণগুলোর বেলায়।
কোম্পানির স্মার্টফোন সরবরাহ কমে যাওয়াকে আয় কমার কারণ হিসাবে দায়ী করেছে কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং।
২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ৫২ কোটি ৭০ লাখ ডলারের পরিচালন লাভ পেয়েছে স্যামসাং, যা আগের প্রান্তিকের তুলনায় কিছুটা বেশি। এর কৃতিত্ব আসলে কোম্পানির মেমরি ব্যবসায় তুলনামূলক কম আর্থিক লোকসানের। তবে, এই সংখ্যা ২০২২ সালের জুলাইয়ে ঘোষণা দেওয়া এক হাজার ৮০ কোটি ডলার পরিচালন মুনাফার ভগ্নাংশ কেবল।
নিজেদের সর্বশেষ আর্থিক আয়ের হিসাবে এই প্রযুক্তি জায়ান্ট উল্লেখ করে, এই প্রান্তিকে তাদের সামগ্রিক আয় ছিল চার হাজার সাতশ কোটি ডলার, যা আগের প্রান্তিকের চেয়ে ছয় শতাংশ ও গত বছর রেকর্ড ভাঙা আয় পাঁচ হাজার নয়শ ৪০ কোটি ডলারের চেয়ে অনেক কম।
প্রথম প্রান্তিকে ‘গ্যালাক্সি এস২৩’ ডিভাইস উন্মোচনের প্রভাব বিবর্ণ হয়ে যাওয়ার পর স্মার্টফোন শিপমেন্ট কমে যাওয়াকে এই আর্থিক ধাক্কার পেছনে দায়ী করেছে কোম্পানিটি। এর আগের প্রান্তিকে স্যামসাংয়ের মোবাইল বিভাগ ভাল ফলাফল দেখিয়েছিল, কারণ সে সময় ‘গ্যালাক্সি এস ২৩’ সিরিজের ফোন, বিশেষ করে ‘গ্যালাক্সি এস২৩ আল্ট্রা’ ডিভাইস অনেক বেশি বিক্রি হয়েছিল। আর এখন এই বিভাগ থেকে সামগ্রিক আয় দুই হাজার তিনশ ৭০ কোটি ডলার থেকে কমে গিয়ে ঠেকেছে দুই হাজার কোটি ডলারে।
স্যামসাং আশা করছে, বছরের দ্বিতীয়ার্ধে সামগ্রিক স্মার্টফোনের বাজার পুনরায় চাঙ্গা হবে, বিশেষ করে প্রিমিয়াম সংস্করণগুলোর বেলায়। এর পাশাপাশি, নতুন উন্মোচিত ‘গ্যালাক্সি জি ফ্লিপ ৫’ ও ‘গ্যালাক্সি জি ফোল্ড ৫’ সিরিজের বিক্রি বাড়ানোর দিকেও মনযোগ দিচ্ছে কোম্পানিটি। এর মধ্যে গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ডিভাইসের নতুন মডেলে তিন দশমিক ছয় ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে থাকলেও এর আগের মডেলে তা ছিল কেবল এক দশমিক নয় ইঞ্চি। আর গ্যালাক্সি জি ফোল্ড ৫ ডিভাইসে যুক্ত হয়েছে নতুন কব্জা, যা ফোনের স্ক্রিন দুটির মধ্যে থাকা ফাঁকা অংশটি কভার করে।
এদিকে, স্যামসাংয়ের ‘ডিভাইস সলিউশন বিভাগ’ বা মেমরি ব্যবসা আগের চেয়ে কিছুটা ভাল ফলাফল দেখিয়েছে। এইসব খাত থেকে প্রথম প্রান্তিকে এক হাজার ২০ কোটি ডলার আয় হলেও পরের প্রান্তিকে তা বেড়ে গিয়ে ঠেকেছে এক হাজার একশ ৫৩ কোটি ডলারে। আর সামনের দিকে এগোতে কোম্পানি নিজেদের ‘উচ্চমানসম্পন্ন পণ্য’ বিক্রি বাড়ানোর দিকে মনযোগ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
