ইউরোপে নিষেধাজ্ঞার মুখে মেটার ‘টার্গেটেড বিজ্ঞাপন’
অন্যাদিকে নরওয়ের ডেটা নিয়ন্ত্রক সংস্থা বলেছে মেটার কপালে জুটতে পারে মোট বাৎসরিক বৈশ্বিক আয়ের চার শতাংশ পরিমাণ জরিমানা।
ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে গ্রাহকের আচরণগত তথ্য বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবে না মেটা প্ল্যাটফর্ম।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও অভিন্ন ইউরোপীয় বাজারের অংশ নরওয়ের ডেটা নিয়ন্ত্রক সংস্থা এর আগে কোম্পানিটিকে এমন নিষেধাজ্ঞা দিয়েছে যা এবার ইউরোপের বাকি ৩০ দেশেও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
গ্রাহকদের আচরণগত তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিজ্ঞাপনে ব্যবহার বন্ধ হলে বড় ধরনের সংকট সৃষ্টি হবে এই মার্কিন টেক জায়ান্টের জন্য। তাই ফেইসবুক এবং ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি এমন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন।
অন্যাদিকে নরওয়ের ডেটা নিয়ন্ত্রক সংস্থা বলেছে মেটার কপালে জুটতে পারে মোট বাৎসরিক বৈশ্বিক আয়ের চার শতাংশ পরিমাণ জরিমানা, বলেছে সংবাদ সংস্থা রয়টার্স।
গ্রাহকের আচরণগত ডেটাকে বিজ্ঞাপনে ব্যবহারে কোম্পানিটির ওপর দুই সপ্তাহের মধ্যেই স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করতে আয়ারল্যান্ডের ডেটা নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড (ইডিপিবি।) এই দেশটিতেই রয়েছে মেটার ইউরোপীয় সদর দপ্তর।
“সমগ্র ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গ্রাহকের ব্যক্তিগত ডেটাকে ব্যবহারের ওপর নিষেদাধাজ্ঞা আরোপের জন্য ২৭ অক্টোবর ইডিপিবি একটি জরুরী কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছে।”-- রয়টার্সকে একটি বিবৃতিতে জানিয়েছে ইডিপিবি।
ইইউ এবং অভিন্ন ইউরোপীয় বাজারের গ্রাহকদের জন্য তাদের তথ্য ব্যবহারের অনুমতি গ্রহণসহ নিয়ন্ত্রক সংস্থার শর্ত অনুযায়ী নভেম্বর থেকে একটি সবস্ক্রিপশন মডেল ছাড়ার ঘোষণা দিয়েছে মেটা।
“ইডিপিবি সদস্যরা এ ব্যাপারে অবগত আছেন এবং সব পক্ষের জন্য একটি আশানুরূপ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমরা সর্বোতভাবে কাজ করে যাচ্ছি,” বলেন কোম্পানিটির একজন মুখপাত্র।
এমন সিদ্ধান্ত ইউরোপের ২৫ কোটি ফেইসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ওপর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছে রয়টার্স।
