বিচার বিভাগে এআই: মার্কিন প্রধান বিচারপতির ভবিষ্যদ্বাণী
“সমান আত্মবিশ্বাসের সঙ্গে আমি ভবিষ্যদ্বাণী করছি যে বিচার কার্যক্রমে, বিশেষ করে শুনানি পর্বের ওপর, উল্লেখযোগ্যভাবে এআই এর প্রভাব পড়বে।”
বিচার কার্যক্রমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মিশ্র পরিস্থিতির সৃষ্টি করেছে, বছর শেষের প্রতিবেদনে এমনটা বলেছেন মর্কিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।
সেইসঙ্গে সংশ্লিষ্ট সকলকে “সতর্ক ও বিনয়ী” হতে আহবান করেন প্রধান বিচারপতি জন রবার্টস।
১৩ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বিচারপতি রবার্টস ইতিবাচক এবং নেতিবাচক, দুই রকমের মতই প্রকাশ করেছেন। তিনি বলেন, বিচারবিষয়ক গবেষণায় ও আদালতকে সহায়তার মাধ্যমে আগের চেয়ে দ্রুততম সময়ে ও স্বল্প খরচে মামলার নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের সুবিচার পাওয়ার সুযোগ বাড়িয়ে বিচার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এআই প্রযুক্তি। তবে তার পাশাপাশি প্রাইভেসি লঙ্ঘনের ঝুঁকি এবং মামলার বিবরণ লেখার বেলায় মানুষের তুলনায় বিদ্যমান প্রযুক্তিগুলোর সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন তিনি।
“আমি ভবিষ্যদ্বাণী করছি মানব বিচারকরা আরও অনেকদিন থাকবেন।” – লিখেন বিচারপতি রবার্ট। “কিন্তু সমান আত্মবিশ্বাসের সঙ্গে আমি ভবিষ্যদ্বাণী করছি যে বিচার কার্যক্রমে, বিশেষ করে শুনানি পর্বের ওপর, উল্লেখযোগ্যভাবে এআই-এর প্রভাব পড়বে।”
প্রযুক্তিটি একদিকে যেমন বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, তেমনি কল্পিত ও ভিত্তিহীন কনটেন্ট তৈরির প্রবণতাও রয়েছে এর। এমন পরিস্থিতিতে এই নতুন প্রযুক্তিটির সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংখ্যক নিন্ম আদালত।
আইন বিভাগের ওপর এআইয়ের প্রভাব নিয়ে মার্কিন প্রধান বিচারপতির এটাই এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
“এআইয়ের যে কোনো ব্যবহারে সতর্কতা এবং বিনয় প্রয়োজন,” বলে গুরুত্ব আরোপ করেন বিচারপতি রবার্টস। এআইয়ের মাধ্যেম বাস্তবে ভিত্তি নেই এমন মামলার নথিও লিখেছেন আইনজীবীরা, এমন উদাহরণ টেনে তিনি মন্তব্য করেন– “এমনটা সব সময়ই বাজে আইডিয়া।” গত বছর গণমাধ্যমে চাঞ্চল্যকর শিরোনাম সৃষ্টিকারী বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রধান বিচারপতি।
আদালতে কোনো মামলার নথি পেশ করার আগে সেটি মানুষ নাকি এআই লিখেছে আইনজীবিদের সেটি হলফ নামায় উল্লেখ করতে হবে – এমন নিয়মের প্রস্তাব করেছে ফিফথ ইউএস সার্কিট কোর্ট অফ আপিলস।
