২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার নভোচারী বহনে আরও ১৪০ কোটি ডলারের চুক্তিতে স্পেসএক্স

আইএসএস ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার বিষয়ে নাসা যে আত্মবিশ্বাসী, তারই ইঙ্গিত দিচ্ছে স্পেসএক্সের সঙ্গে নতুন চুক্তি।

নাসার নভোচারী বহনে আরও ১৪০ কোটি ডলারের চুক্তিতে স্পেসএক্স

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 03:05 PM

Updated : 01 Sep 2022, 03:05 PM

একশ ৪০ কোটি ডলারের বিনিময়ে আরও পাঁচটি মিশনে নাসার নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পরিবহনের নতুন চুক্তি করেছে স্পেসএক্স।

নতুন চুক্তির ফলে নাসা ও স্পেসএক্সের আনুষ্ঠানিক জুটির সময় বেড়েছে ২০৩০ সাল পর্যন্ত, চুক্তির আকার পৌঁছেছে প্রায় পাঁচশ কোটি ডলারে। অন্তত আরও পাঁচবার নাসার নভোচারীদের নিজস্ব রকেটে আনানেওয়া করবে স্পেসএক্স।

নভোচারীদের পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ নিতে এবং ফেরত আনার লক্ষ্যে নাসা স্পেসএক্সের সঙ্গে চুক্তি প্রথম চুক্তি করেছিল ২০১৪ সালে। ওই চুক্তির অধীনে ছয়টি মিশনে নাসার নভোচারীদের পরিবহনের কথা ছিল স্পেসএক্সের।

স্পেসএক্স নাসার নভোচারীদের পরিবহন শুরু করেছে ২০২০ সালে। তারপর থেকে নিয়মিতভাবেই মহাকাশ গবেষণা সংস্থাটির নভোচারীদের মহাকাশে আনা-নেওয়া করছে ইলন মাস্কের কোম্পানিটি। দুইশ ৬০ কোটি ডলারের প্রথম চুক্তির অধীনে স্পেসএক্স যে ছয়টি মিশনের জন্য চুক্তিদ্ধ হয়েছিল তার পঞ্চমটি মহাকাশে যাওয়ার কথা রয়েছে এ বছরের শরতেই।

গত বছরের ডিসেম্বরেই আইএসএস ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার ঘোষণা দিয়েছে নাসা। স্পেসস্টেশনটির আয়ু বৃদ্ধির ফলে নভোচারীদের স্পেস স্টেশনে পরিবহন প্রক্রিয়া নির্বাচনের প্রয়োজনীয়তাও বেড়েছে। এ কারণেই নাসা নতুন করে স্পেসএক্সের সঙ্গে চুক্তি বাড়িয়েছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে।

তবে, আইএসএস ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার সম্ভব হবে কি না, সে প্রশ্নে অনিশ্চয়তার তৈরি করছে আইএসএসে যুক্তরাষ্ট্রের মূল অংশীদার রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের জেরে পশ্চিমা অবরোধ-নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইএসএসের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া।

তবে নাসা বলে আসছে, পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্তই চালু থাকবে আইএসএস।

আইএসএস ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার বিষয়ে নাসা যে আত্মবিশ্বাসী, স্পেসএক্সের সঙ্গে নতুন চুক্তির তারই ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছে সিএনএন।