০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২০২৫ সালে অ্যালেক্সার কাছে কী জানতে চেয়েছে মানুষ?

২০২৫ সালে সবচেয়ে বেশি যে প্রশ্নটি অ্যালেক্সাকে করা হয়েছে, তা শুনে অনেকেরই হাসি পেতে পারে। সেটি হলো, “এআই বলতে কী বোঝায়?

২০২৫ সালে অ্যালেক্সার কাছে কী জানতে চেয়েছে মানুষ?
অ্যালেক্সাকে করা প্রশ্নের তালিকা ব্যবহারকারীদের দৈনন্দিন আগ্রহ, বিনোদন ও বৈশ্বিক কৌতূহলেরই প্রতিফলন। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

স্মার্ট স্পিকার অ্যালেক্সা এখন অনেক ঘরেই নিত্যদিনের সঙ্গী। গান বাজানো, রান্নার টাইমার সেট করা বা আবহাওয়ার খবর জানার বাইরে নানা কৌতূহল মেটাতেও মানুষ ভরসা রাখছে অ্যামাজনের এই এআই সহকারীর ওপর।

২০২৫ সালে সবচেয়ে বেশি যে প্রশ্নটি অ্যালেক্সাকে করা হয়েছে, তা শুনে অনেকেরই হাসি পেতে পারে। সেটি হলো, “এআই বলতে কী বোঝায়?”। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর কাছে আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা জানতে চাওয়ার মধ্যেই কি আছে এক ধরনের ব্যঙ্গাত্মক বাস্তবতা?

যুক্তরাজ্যের ব্যবহারকারীদের প্রশ্ন বিশ্লেষণ করে অ্যামাজন জানিয়েছে, সাধারণ জ্ঞানভিত্তিক কৌতূহল এখনো তালিকার বড় অংশ দখল করে আছে। এর মধ্যে আছে “ডিম কতক্ষণ পোচ করতে হয়?” কিংবা “পৃথিবীর ব্যাস কত?”, এমন ধরনের প্রশ্ন।

সেলিব্রিটিদের নিয়ে আগ্রহও কম নয়। যুক্তরাজ্যে অ্যালেক্সার কাছে সবচেয়ে বেশি যাদের নিয়ে জানতে চাওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, টেলর সুইফট ও ইলন মাস্ক। উচ্চতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হলিউড তারকা টম ক্রুজকে ঘিরে। তার পরেই আছেন সাবেক ইংলিশ ফুটবলার পিটার ক্রাউচ।

সম্পদের হিসাব জানতে চাওয়ার ক্ষেত্রেও সবার ওপরে ছিলেন ইলন মাস্ক। তার পরেই ইউটিউবার মিস্টার বিস্ট এবং টেইলর সুইফট। সেলিব্রিটিদের জীবনসঙ্গী নিয়েও কৌতূহল কম নয়। এ তালিকায় সবার আগে ছিলেন এড শিরান, এরপর জ্যেষ্ঠ রক শিল্পী রড স্টুয়ার্ট। ইলন মাস্ক এ ক্ষেত্রে ছিলেন তৃতীয় অবস্থানে।

সংগীত শোনার ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার পরিসংখ্যান বেশ স্পষ্ট। সবচেয়ে বেশি শোনা শিল্পী ছিলেন টেইলর সুইফট। তার পরেই ব্রুনো মার্স। ব্রুনো মার্স ও রোজের যুগল গান ‘এপিটি’ ছিল বছরের সবচেয়ে বেশি বাজানো গান। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সুপারহিট ‘কে পপ ডেমন হান্টার্স’-এর সাউন্ডট্র্যাকও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রের তিনটি গান ছিল শীর্ষ ১০ তালিকায়, আর পুরো অ্যালবামটি ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।

রোনালদো, সুইফট আর মাস্ক - তিনজনই ছিলেন লোকজনের আগ্রহের কেন্দ্রে। ছবি: রয়টার্স

রোনালদো, সুইফট আর মাস্ক - তিনজনই ছিলেন লোকজনের আগ্রহের কেন্দ্রে

অন্য দেশগুলোর চিত্রও খুব আলাদা নয়। অস্ট্রেলিয়ায়ও সবচেয়ে বেশি বাজানো গান ছিল ‘এপিটি’। সেখানকার শীর্ষ ১০ গানের মধ্যে ছয়টিই ছিল ‘কে পপ ডেমন হান্টার্স’ থেকে। অস্ট্রেলীয় ব্যবহারকারীরা জানতে চেয়েছেন গায়িকা সাব্রিনা কার্পেন্টারের উচ্চতা কত এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা ফিন উলফহার্ডের বিয়ে হয়েছে কি না। সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের মধ্যে সেখানে জনপ্রিয় ছিল “ঘুম কীভাবে আসবে” বা “রুবিক্স কিউব কীভাবে সমাধান করতে হয়”।

আয়ারল্যান্ডে অ্যালেক্সার কাছে বেশি শোনা গেছে “বিটকয়েনের মূল্য কত” কিংবা “ডোনাল্ড ট্রাম্পের বয়স কত” ধরনের প্রশ্ন। সেখানেও সেলিব্রিটিদের কৌতূহলের কেন্দ্রে ছিলেন রোনালদো, সুইফট ও লিওনেল মেসি।

এ নিয়ে সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালেক্সার প্রশ্নের তালিকা আসলে ব্যবহারকারীদের দৈনন্দিন আগ্রহ, বিনোদন ও বৈশ্বিক কৌতূহলেরই প্রতিফলন। এআই সহকারী ঘিরে মানুষের প্রশ্ন যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবনের মেলবন্ধন।