২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সব ধরনের ব্যবসার জন্য লজিস্টিকস সেবা উন্মুক্ত করছে অ্যামাজন

এরইমধ্যে বিশ্বের বৃহত্তম থার্ড-পার্টি লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে অ্যামাজন। এ সেবাকে অন্যান্য ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়াটা তাদের জন্য কঠিন কাজ নয়।

সব ধরনের ব্যবসার জন্য লজিস্টিকস সেবা উন্মুক্ত করছে অ্যামাজন
বিশ্ব অর্থনীতিতে এ থার্ড-পার্টি লজিস্টিকস সেবার বাজার অনেক বড়, যার আনুমানিক মূল্য ১.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি। ছবি: অ্যামাজন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

সব ধরনের ব্যবসার জন্য লজিস্টিকস সেবা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে এখন থেকে অন্যান্য কোম্পানির পণ্য পরিবহন ও ডেলিভারির দায়িত্ব নেবে মার্কিন ই-কমার্স জায়ান্টটি।

যুক্তরাষ্ট্রের ডাকসেবা ও অন্যান্য কুরিয়ার পরিষেবার ওপর নির্ভরশীলতা কমানোর পর অ্যামাজন এখন তাদের নিজস্ব লজিস্টিকস ও ডেলিভারি সেবা অন্যান্য ব্যবসার জন্য খুলে দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

কোম্পানিটি বলেছে, “‘অ্যামাজন সাপ্লাই চেইন সার্ভিসেস’ বা এএসসিএস চালুর ঘোষণা দিচ্ছে অ্যামাজন। যার মাধ্যমে তাদের পণ্য পরিবহন, বণ্টন, ফুলফিলমেন্ট ও পার্সেল শিপিংয়ের যাবতীয় সুবিধা সব ধরনের ছোট-বড় ব্যবসার জন্য উন্মুক্ত করছে। এই সেবা কেবল অ্যামাজনের বিক্রেতাদের মধ্যেই আর সীমিত থাকছে না।”

অ্যামাজন এ নতুন সেবাটি ‘প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’, ‘থ্রিএম’, ‘ল্যান্ডস এন্ড’ ও ‘আমেরিকান ঈগল আউটফিটার্স’-এর মতো বড় কিছু কোম্পানির সঙ্গে মিলে শুরু করছে।

‘থ্রিএম’ ও ‘পিঅ্যান্ডজি’র ক্ষেত্রে অ্যামাজনের পণ্য উৎপাদন কেন্দ্র থেকে বণ্টন নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছে দেবে। অন্যদিকে, ‘ল্যান্ডস এন্ড’ ও ‘আমেরিকান ঈগল’-এর জন্য তারা সরাসরি গ্রাহকদের কাছে অর্ডার পৌঁছে দেওয়ার কাজ করবে।

‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’ এর মতো অ্যামাজন তাদের লজিস্টিকস সেবাটিও প্রথমে নিজেদের ব্যবহারের জন্য তৈরি করেছিল। তবে এখন তারা স্বাস্থ্যসেবা, অটোমোবাইল, উৎপাদন ও খুচরা বিক্রয়ের মতো বিভিন্ন শিল্পের পণ্য অন্যান্য কোম্পানির কাছে বিক্রির পরিকল্পনা করছে।

অ্যামাজন বলেছে, তাদের সাপ্লাই চেইন কোনো সাধারণ বিভাগ ছিল না, বরং তা ছিল তাদের মূল কেনাকাটার অভিজ্ঞতার এক ‘অনন্য বৈশিষ্ট্য’। তাদের ভাষ্যমতে, “এ কারণেই আমরা এমন দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি দিতে পেরেছি, যা অন্য কেউ পারেনি।”

অ্যামাজনের এ সাপ্লাই চেইন ব্যবস্থাটি বিশাল; যার মধ্যে রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুদামঘর, নিজস্ব প্লেন, ট্রাক ও ডেলিভারি যানবাহন।

শিপম্যাট্রিক্সের তথ্য অনুসারে, পার্সেল ভলিউমের দিক থেকে অ্যামাজনের সাপ্লাই চেইন এখন আমেরিকার বৃহত্তম ক্যারিয়ার বা পণ্য বহনকারী কোম্পানি।

এ ছাড়া, গত ২০ বছরেরও বেশি সময় ধরে অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে পণ্য তালিকাভুক্ত করা বিক্রেতাদের কাছে ‘ফুলফিলমেন্ট সার্ভিস’ বিক্রি করে আসছে।

ফলে এরইমধ্যে বিশ্বের বৃহত্তম থার্ড-পার্টি লজিস্টিকস কোম্পানিতেও পরিণত হয়েছে অ্যামাজন। এ সেবাকে অন্যান্য সাধারণ ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়াটা তাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না।

অ্যামাজনের এ পদক্ষেপ স্বাভাবিকভাবেই তাদের প্রধান লজিস্টিকস সরবরাহক যেমন যুক্তরাষ্ট্রের ডাকসেবা, ডিএইচএল গ্রুপ ও অন্যদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামাবে।

গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতিতে এ থার্ড-পার্টি লজিস্টিকস সেবার বাজার অনেক বড়, যার আনুমানিক মূল্য ১.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

অ্যামাজনের এএসসিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার লারসেন বলেছেন, থার্ড-পার্টি লজিস্টিকস সেবার বাজার তাদের জন্য ‘বড় সুযোগ’।

অ্যামাজনের বিশাল কর্মযজ্ঞ ও সক্ষমতার কথা বিবেচনা করলে তাদের এ নতুন সেবাটি পুরো লজিস্টিকস শিল্পকেই ওলটপালট করে দিতে পারে, বিশেষ করে মার্কিন ডাকসেবার জন্য বড় হুমকি হতে পারে, যারা কি না এরইমধ্যে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।