মেটার পর এবার মাস্কের এআই গ্রক ব্যবহার করবে মার্কিন সরকারি সংস্থা
মেটা ও এক্সএআইয়ের এসব চুক্তি থেকে ইঙ্গিত মেলে, সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার।
সামাজিক যোগিাযোগ মাধ্যম জায়ান্ট মেটার পর এবার মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবহারের জন্য অনুমোদন পেল ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রক।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের ক্রয় শাখা ‘জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিএসএ বলেছে, এক্সএআইয়ের সঙ্গে একটি চুক্তি করেছে তারা। এ চুক্তির মাধ্যমে এক্সএআইয়ের তৈরি গ্রক চ্যাটবট ব্যবহার করতে পারবে সরকারি বিভিন্ন সংস্থা।
মেটা ও এক্সএআইয়ের এসব চুক্তি থেকে ইঙ্গিত মেলে, সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার। পাশাপাশি দ্রুত বেড়ে ওঠা এ প্রযুক্তি খাতে সরকারি প্রকল্প পাওয়ার জন্য বড় বড় প্রযুক্তি কোম্পানির মধ্যেও প্রতিযোগিতা তীব্র হচ্ছে। আর, এ চুক্তি তারই প্রতিফলন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সরকারি ক্রয় সংস্থাটি বলেছে, ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এ চুক্তি। এতে সরকারি বিভিন্ন সংস্থা গ্রক চ্যাটবটকে ব্যবহার করলে প্রতিটি সংস্থার জন্য কেবল ৪২ সেন্ট খরচ হবে, যেখানে ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারে প্রতি বছর এক ডলার লাগে।
চুক্তির আওতায় থাকবে এক্সএআইয়ের ‘গ্রক ৪’ ও ‘গ্রক ৪ ফাস্ট’ নামের চ্যাটবট, যেগুলোকে নিজেদের সবচেয়ে উন্নত ও যুক্তিনির্ভর কাজ করতে পারে এমন মডেল হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি।
জিএসএ বলেছে, এসব চ্যাটবট সরকারি সংস্থায় চালু ও ব্যবহার শুরুর কাজে সহায়তা করবে এক্সএআইয়ের প্রকৌশলীরা।
সরকারি বিভিন্ন সংস্থা চাইলে গ্রক-এর এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন বা বড় পরিসরে ব্যবহারের জন্য আপগ্রেড করতে পারবে। এ সংস্করণটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি এবং এতে বাড়তি ফিচার ব্যবহারের সুযোগ রয়েছে।
এক্সএআইয়ের এ চুক্তিটি জিএসএ-এর ‘ওয়ানগভ স্ট্রাটিজি’ নামের এক উদ্যোগের অংশ, যা শুরু হয়েছে এ বছরের এপ্রিলে। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সংস্থা যেন স্ট্যান্ডার্ড নিয়মে প্রযুক্তি কিনতে পারার পাশাপাশি এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো যায়।
এ উদ্যোগের অধীনে এক্সএআই ছাড়াও মার্কিন সরকারের সঙ্গে কাজ করছে ওপেনএআই, মেটা, সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও অ্যানথ্রপিক।
এদিকে, এ সপ্তাহের শুরুতে মেটার তৈরি এআই মডেল লামা’কে সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের অনুমোদন দিয়েছে জিএসএ, যা সরকারি গ্রাহকদের জন্য একেবারে বিনামূল্যে মিলবে।
আরও পড়ুন
