১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেটার এআই লামা ব্যবহার করবে মার্কিন সরকারি সংস্থা

সাম্প্রতিক মাসগুলোতে মেটার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির এআই টুলকেও অনুমোদন মিলেছে। যেমন– মাইক্রোসফট, গুগল, আনথ্রপিক ও ওপেনএআই।

মেটার এআই লামা ব্যবহার করবে মার্কিন সরকারি সংস্থা
সরকারের নিরাপত্তা ও আইনগত মানদণ্ড পূরণ করেছে মেটার এআই টুলটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম লামা।

এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন সরকারের বিভিন্ন দপ্তর ‘মেটা প্ল্যাটফর্মস’-এর এআই সিস্টেম লামা ব্যবহার করবে। কারণ বাণিজ্যিক এসব এআই টুলকে সরকারি কাজে ব্যবহারের ওপর জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্র সরকারের ক্রয় শাখা ‘জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিএসএ-এর ক্রয় বিভাগের প্রধান জোশ গ্রুয়েনবম বলেছেন, লামাকে মার্কিন বিভিন্ন ফেডারেল দপ্তরের জন্য অনুমোদিত এআই টুলের তালিকায় যোগ করবে তারা। 

তবে এ উদ্যোগ নিয়ে ঘোষণার আগেই এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এখন মেটার বিনামূল্যের লামা টুলটি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে সরকারি বিভিন্ন দপ্তর। জিএসএ নিশ্চিত করেছে, সরকারের নিরাপত্তা ও আইনগত মানদণ্ড পূরণ করেছে মেটার এআই টুলটি।

লামা এক ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যা বিভিন্ন ধরনের তথ্য যেমন লেখা, ভিডিও, ছবি ও অডিও প্রক্রিয়া করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে মেটার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির নানা এআই টুলকেও অনুমোদন দিয়েছে জিএসএ। যার মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট, গুগল, আনথ্রপিক ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

সংস্থাটি বলেছে, এসব কোম্পানি নিজেদের পেইড বা অর্থ দিয়ে কেনার বিভিন্ন পণ্য সরকারের কাছে অনেক ছাড়ে বিক্রি করতে রাজি হয়েছে এবং মার্কিন সরকারের নিরাপত্তা নিয়মও মানতে বাধ্য তারা।

প্রযুক্তি কোম্পানির প্রধানরা কি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদন পাওয়ার জন্য সরকারকে ছাড় দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে গ্রুয়েনবম বলেছেন, “এটি প্রযুক্তি কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক গড়ার বিষয় নয়, বরং আমরা সবাই মিলে হাত ধরাধরি করে এ দেশকে সবচেয়ে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার বিষয়ে।”

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল দপ্তর টুলটি ব্যবহার করে চুক্তি পর্যালোচনা দ্রুত বা তথ্য প্রযুক্তির ছোটখাটো সমস্যা দ্রুত সমাধান করতে পারবে। পাশাপাশি আরও অনেক কাজের জন্যও ব্যবহার কররে টুলটি।