২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্যামসাংয়ে গুগলের নিয়ারবাই শেয়ার পাল্টে হচ্ছে ‘কুইক শেয়ার’

গুগল বলছে, ‘কুইক শেয়ার’ উভয় টুলের সেরা ফিচারগুলো এক জায়গায় নিয়ে এসেছে, এবং এটি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম জুড়ে কাজ করবে।

স্যামসাংয়ে গুগলের নিয়ারবাই শেয়ার পাল্টে হচ্ছে ‘কুইক শেয়ার’

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:55 PM

Updated : 10 Jan 2024, 06:55 PM

গুগল সম্প্রতি সময়ে অ্যান্ড্রয়েডের জন্য ‘নিয়ারবাই শেয়ার’-এ বিনিয়োগ শুরু করেছে। এবারে স্যামসাংয়ের সঙ্গে জট বেঁধে ফিচারটি আরও উন্নত করতে এর সম্পূর্ণ রিব্র্যান্ড করার ঘোষণা দিয়েছে গুগল।

অ্যাপল ব্যবহারকারীরা এক ডিভাইস থেকে অন্যটিতে ফাইল শেয়ার করতে বা সংযুক্ত ডিসপ্লেতে কনটেন্ট স্ট্রিম করতে ‘এয়ারড্রপ’ এবং ‘এয়ারপ্লে’-এর সুবিধা উপভোগ করেন। যেহেতু অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত ইকোসিস্টেম, তাই সর্বজনীনভাবে কাজ করে এরকম ব্যবস্থা তৈরি করা অনেক বেশি জটিল।

সে লক্ষ্যেই গুগলের নিয়ারবাই শেয়ার ২০২০ সাল থেকে চালু হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ডিভাইস ও কম্পিউটারের মধ্যে ফাইল এবং ফোল্ডার পাঠানোর জন্য বেশ ভাল মাধ্যম। ডিভাইসগুলো একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকলে ফোল্ডার বা ফাইল দ্রুত পাঠানো যায় এবং ফোল্ডার কাঠামোগুলোও অপরিবর্তিত থাকে। এ ধরনের টুল অ্যান্ড্রয়েড ডিভাইসে আরও বৈচিত্র্য আনে।

তবে, বড় ওইএম বা প্রস্তুতকারক যারা ‘কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন’ তৈরিতে যথেষ্ট বিনিয়োগ করে তারা সবকিছু ছাড়িয়ে যেতে চায়, যেমনটি স্যামসাং ‘কুইক শেয়ার’ টুলের ক্ষেত্রে করেছে। গত বছরের শেষের দিকে, প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েডপুলিশ প্রতিবেদন করেছিল যে, গুগল স্যামসাংয়ের ‘কুইক শেয়ার’-এর সঙ্গে মিলে ‘নিয়ারবাই শেয়ার’-এর রিব্র্যান্ডিং করতে চলেছে।

এখন বিষয়টি আনুষ্ঠানিকভাবেই সিইএস ২০২৪-এ চলে এসেছে। গুগল ঘোষণা করেছে, ‘কুইক শেয়ার’ উভয় টুলের সেরা ফিচারগুলো এক জায়গায় নিয়ে আসছে এবং এটি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম জুড়ে কাজ করবে।

এ ছাড়াও, ব্যবহারকারীরা বিভিন্ন ‘ক্রোমবুকে’ কনটেন্ট শেয়ার করতে ব্যবহার করতে পারবেন এই ফিচারটি। পাশাপাশি, উইন্ডোজ পিসিতে ‘কুইক শেয়ার’ অ্যাপ প্রি-ইন্সটল করতে এলজি ছাড়াও অন্যান্য পিসি নির্মাতাদের সঙ্গে গুগল কাজ করছে বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েডপুলিশ।

রিব্র্যান্ডিং মানে হচ্ছে এখন ‘নিয়ারবাই শেয়ার’ নামে দেখানো সবকিছুই চলে যাবে ‘কুইক শেয়ারে’, যার মধ্য বিভিন্ন অ্যাপের শেয়ার শিট, পরিষেবার নোটিফিকেশন, সেটিংস পেইজ, কুইক সেটিংস টাইলও থাকবে।

তবে, কার্যক্রমের পরিবর্তনগুলো খুবই সূক্ষ্ম হওয়ার কথা রয়েছে, এবং ব্যবহারকারীদের ডিভাইস থেকে ফাইল শেয়ারিং একেবারেই ঝামেলাহীন হবে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে স্যামসাংয়ের ফোনে যেখানে ‘নিয়ারবাই শেয়ার’ ও ‘কুইক শেয়ার’ দুটি আলাদা টুল একত্রিত করা হবে।

গুগল এরইমধ্যে একটি তুলামূলকভাবে নতুন টুলের রিব্র্যান্ডিং করায় সম্ভবত এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। তবে, এ ধরনের পরিবর্তন গুগলের বেলায় খুবই সাধারণ ঘটনা। কোম্পানিটি এর আগে ‘হ্যাংআউটস মিট’ থেকে ‘মিট’-কে রিব্র্যান্ড করেছে; ‘মিট’ ও ‘ডুও’ কে একত্রিত করেছে বা ২০২২ সালে বেশ কয়েকটি সেবা বন্ধই করে ফেলেছে।

গুগল বলছে, ‘নিয়ারবাই শেয়ার’ থেকে ‘কুইক শেয়ার’-এর পরিবর্তিত সংস্করণটি ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করবে ফেব্রুয়ারির শেষে। তবে, কখন এটি পুরোপুরি আসবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি কোম্পানিটি। এই মাসের শেষের দিকে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড’ আয়োজনে আরও তথ্য প্রকাশিত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েডপুলিশ।