৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পিসির পাওয়ার বাটন চেপে বন্ধ করার অভ্যাস এড়িয়ে চলুন

জোর করে শাট ডাউন এড়িয়ে চলা একটি ভালো অভ্যাস, যার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে।

পিসির পাওয়ার বাটন চেপে বন্ধ করার অভ্যাস এড়িয়ে চলুন

মাঝেমধ্যে ম্যানুয়ালি পিসি শাট ডাউন বা রিস্টার্ট করা উপকারী হলেও তা কেবল সঠিক নিয়মে করলেই কার্যকর হয়। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 07:27 PM

Updated : 30 Oct 2026, 07:27 PM

কম্পিউটার হ্যাং হয়ে গেলে বা তাড়াহুড়োয় পাওয়ার বাটন চেপে ধরে পিসি জোর করে বন্ধ করার অভ্যাস ফাইল নষ্ট হওয়া থেকে শুরু করে অপারেটিং সিস্টেমের স্থায়ী ক্ষতি করতে পারে।

মাঝেমধ্যে ম্যানুয়ালি পিসি শাট ডাউন বা রিস্টার্ট করা উপকারী হলেও তা কেবল সঠিক নিয়মে করলেই কার্যকর হয়। কম্পিউটার যদি শাট ডাউনের জন্য প্রস্তুত না থাকে তবে তা স্থায়ীভাবে ক্ষতির মুখে ফেলার ঝুঁকি তৈরি করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

জোর করে শাট ডাউন এড়িয়ে চলা একটি কার্যকর পদ্ধতি, যার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে।

ফাইল হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে

হুট করে পিসির পাওয়ার কেটে দেওয়ার মূল সমস্যা হচ্ছে, এর ফলে মেশিনটি বন্ধ হওয়ার আগে নিয়মিত শাট ডাউন সেইফগার্ড বা সুরক্ষামূলক কাজগুলো করার সুযোগ পায় না।

কম্পিউটারের প্রোগ্রাম ও অপারেটিং সিস্টেম নিজে ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করতে থাকে, যেমন ফাইল ইনডেক্স, আপডেট চেক, ক্লাউডের সঙ্গে সিংক ও অটো-সেইভ করা।

কম্পিউটার যদি নিজের মতো করে এসব প্রক্রিয়া বন্ধ করার পরিবর্তে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে এর কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে, যার ফলে ফাইল করাপ্ট হওয়া ও ডেটা হারিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

পিসি জোর করে বন্ধ করার জন্য সবচেয়ে খারাপ সময় হচ্ছে যখন কম্পিউটারে কোনো আপডেট চলছে ও সিস্টেমের বড় ধরনের পরিবর্তন হচ্ছে।

আপডেট চলাকালীন প্রায়ই পুরনো গুরুত্বপূর্ণ ফাইল মুছে নতুন ফাইল বসানো হয়। এই প্রক্রিয়ার মাঝখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ফাইলগুলো চিরতরে হারিয়ে যেতে পারে।

এমনটা ঘটলে কম্পিউটার হয়ত আর চালুই হতে পারবে না। ফলে ব্যবহারকারীকে ট্রাবলশুটিংয়ের এক অন্তহীন জটিলতার মধ্যে পড়তে হতে পারে।

যেভাবে পাওয়ার বাটন কাস্টমাইজ করবেন

পাওয়ার বাটন দীর্ঘক্ষণ চেপে ধরে রাখা সমস্যার কারণ হতে পারে ঠিকই তবে এ বাটনের উপযোগিতা ব্যবহারকারীরা যতটা ভাবেন তার চেয়ে বেশি।

‘উইন্ডোজ ১১’-এর সেটিংসে গিয়ে এ বাটনে ট্যাপ করলে কী হবে তা নির্ধারণ করতে পারেন।

ব্যবহারকারী চাইলে পিসি শাট ডাউন, স্লিপ মোডে যাওয়া, হাইবারনেট বা যা বন্ধ করার মতো হলেও চালু করলে আগের জায়গায় ফিরিয়ে আনে, ডিসপ্লে অফ বা কোনো কাজ না করার অপশন বেছে নিতে পারেন ল্যাপটপের পাওয়ার বাটন যেন ভুলবশত বারবার প্রেস না হয়ে যায় এর জন্য আদর্শ বিকল্প।

পাওয়ার বাটন প্রেস করলে কী কাজ হবে তা পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। যেমন–

● কিবোর্ডের ‘উইন্ডোজ+আই’ একসঙ্গে প্রেস করে ‘সেটিংস’ ওপেন করুন।

● ডান দিকের কলাম থেকে ‘সিস্টেম’ বাছাই করুন।

● এরপর ‘পাওয়ার অ্যান্ড ব্যাটারি’ অপশনে যান।

● ল্যাপটপের ক্ষেত্রে ‘লিড, পাওয়ার অ্যান্ড স্লিপ বাটন কন্ট্রোলস’ বাছাই করুন ও ডেস্কটপ পিসির ক্ষেত্রে ‘পাওয়ার বাটন কন্ট্রোলস’ বেছে নিন।

● ‘প্রেসিং দ্য পাওয়ার বাটন উইল মেক মাই পিসি’ লেখার পাশের ড্রপ-ডাউন মেনু থেকে নিজের কাঙ্ক্ষিত অপশনটি বেছে নিন।