গাজা নিয়ে বেকায়দায় এক্স, ‘সত্যের কাছাকাছি’ থাকার আকুতি মাস্কের
এক ভিডিও’তে দেখা যায়, ইসরায়েলের এক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছেন হামাসের যোদ্ধারা, যা নিয়ে প্রতিবেদন লিখেছে ‘বিবিসি ভেরিফাই’।
ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে এক্স-এ। তাই ব্যবহারকারীদের এ বিষয়ে ‘সত্যের কাছাকাছি থাকার’ অনুরোধ করেছেন সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্ক।
“দয়া করে যতোটা সম্ভব সত্যের কাছাকাছি থাকুন। এমনকি আপনার অপছন্দের খবরের বেলাতেও।” --রোববার এক্স-এ পোস্ট করেন মাস্ক।
“প্ল্যাটফর্মটি মানুষের সম্মিলিত কণ্ঠ সবচেয়ে বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করে।”
সামাজিক সাইটটিতে ভুয়া খবর ছড়িয়ে পড়া নিয়ে এরইমধ্যে সমালোচনার শিকার হয়েছেন মাস্ক। তাদের যুক্তি, মাস্কের কনটেন্ট মডারেশন ব্যবস্থা শিথিল করার ফলে এমন ঘটছে।
“সাইটটি ভুল তথ্যের আতুরঘর।” --মাস্কের অনুরোধের জবাবে লেখেন ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা ও পডকাস্টার টমি ভিতর।
“আপনি নিজেই একে বাজে অবস্থায় নিয়ে গেছেন। সকালেই আপনি ভুল তথ্য ছড়ানো ইহুদিবিরোধী অ্যাকাউন্ট সাজেস্ট করলেন। এর বাইরে, বাকি সবই ঠিক আছে।”
“সাইটটি ‘ব্রেকিং নিউজ’-এর ক্ষেত্রে অকার্যকর।” --বলেন রাজনৈতিক প্রচারণা সংগঠন ‘স্টেটস প্রজেক্ট’-এর অ্যারন ক্লাইনম্যান। সম্প্রতি গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে ছড়ানো ভুল তথ্য সম্পর্কেও লিখেছেন তিনি।
“এ সাইট আসলেই ক্ষতিকর। আর সঠিক তথ্য জানতে চাইলে এতে লগ ইন করা লাগে না।”
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র বাহিনী হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে এর আগে টুইটার নামে পরিচিত সামাজিক সাইটটিতে।
এক ভিডিও’তে দেখা যায়, ইসরায়েলের এক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছেন হামাসের যোদ্ধারা, যা নিয়ে প্রতিবেদন লিখেছে ‘বিবিসি ভেরিফাই’।
ভারতভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়াইঅন’-এর পাকিস্তান অংশের প্রধান আনাস মালিক প্রতিবেদনে লিখেছেন, এ যুদ্ধে তালেবানরা যোগ দিতে চায়, এমন ভুয়া খবর নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সংগঠনটির এক মুখপাত্র।
সাইটে আরেকটি ক্লিপ ছড়িয়েছে, যেখানে দেখা যায় গাজায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে, সেটি ২০২১ সালের ঘটনা।
