২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে: তথ্য উপদেষ্টা

বয়স্কদের সঠিক তথ্য নির্বাচন সহায়তা করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 08:25 PM

Updated : 29 Oct 2026, 08:25 PM

তরুণদের চেয়ে বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

এমন পরিস্থিতিতে বয়স্কদের সঠিক তথ্য নির্বাচন সহায়তা করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য বিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন বলে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, “সারা পৃথিবীর মত বাংলাদেশও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে তরুণদের জন্য ‘মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক এক সেমিনার ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা (এমএইএল) সপ্তাহ ২০২৬-এর দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ উপস্থিত ছিলেন।