২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টিকটকে যোগ দিলেন ডনাল্ড ট্রাম্প

২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে, সে নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত।

এবার টিকটকে যোগ দিলেন ডনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 05:25 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

চীনা মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন সদ্যই নির্বাচনী তহবিল কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে, নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অ্যাপটিতে যোগ দিলেন সাবেক এ প্রেসিডেন্ট।

এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করা মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প, যেখানে তাকে নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ‘ইউএফসি ৩০২’র দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়।

অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প। আর এর হ্যান্ডল হল ‘@realdonaldtrump’। ২ জুন বাংলাদেশ সময় তিনটা ৪৭ মিনিট পর্যন্ত এ অ্যাকাউন্টে যোগ দিয়েছে ছয় লাখের বেশি ফলোয়ার।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারির আগে টিকটক বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে, এপ্রিলে এমন একটি বিল স্বাক্ষর করে একে আইনে রূপান্তর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, মার্কিন আদালতে এ আইনটি চ্যালেঞ্জ করেছে বাইটড্যান্স।

এ বিষয়ে হোয়াইট হাউজ বলছে, টিকটক যদি নিষেধাজ্ঞা এড়াতে চায়, তাহলে তাদের চীনা মালিকানা থেকে সরে আসতে হবে। আর এর কারণ হিসেবে দেশের জাতীয় নিরাপত্তাকে দেখিয়েছে তারা।

এর বিপরীতে টিকটক যুক্তি দেখিয়েছে, তারা মার্কিন ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের কাছে দেয় না। আর ব্যবহারকারীর ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে তারা।

২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে, সে নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত। মার্চে তিনি বলেন, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তায় ঝুঁকি হলেও এতে নিষেধাজ্ঞা দিলে এর প্রভাব গিয়ে তরুণ ব্যবহারকারীদের একটি অংশের ওপর। আর এতে করে শুধু মেটার পরিষেবা ফেইসবুকের শক্তি বাড়বে, যেটি নিয়ে এর আগে তীব্র সমালোচনা করেছিলেন তিনি।

এ ছাড়া, ফেব্রুয়ারিতে টিকটকে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও।