কনটেন্ট নিয়ে গাফিলতি, ইতালিতে জরিমানা টিকটকের
টিকটকের কিছু কনটেন্ট, বিশেষ করে তথাকথিত ‘চ্যালেঞ্জগুলো’, অপ্রাপ্তবয়স্ক ও দুর্বল ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলতে পারে।
ছোট ভিডিওভিত্তিক সামাজিক মাধ্যম টিকটকের মাধ্যমে শিশু ও দুর্বল ব্যক্তিদের ক্ষতি হতে পারে এমন কনটেন্টের পর্যাপ্ত যাচাই বাছাই না করার ফলে টিকটককে অন্তত এক কোটি ডলার জরিমানা করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা এজিসিএম।
চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক, এবং ফেইসবুক ও ইন্সটাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসসহ অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানি কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষার জন্য বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের চাপের মুখে রয়েছে।
“টিকটক এ ধরনের কনটেন্টের বিস্তার আটকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। এ ছাড়া, প্ল্যাটফর্মটি ‘নিরাপদ স্থান’ হিসাবে ব্যবহারকারীদের আশ্বস্ত করার জন্য নেওয়া নির্দেশিকাগুলো সম্পূর্ণরূপে মেনে চলেনি।” – এজিসিএম এক বিবৃতিতে জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সংস্থাটি আরও যোগ করেছে টিকটকের কিছু কনটেন্ট, বিশেষ করে তথাকথিত ‘চ্যালেঞ্জগুলো’, অপ্রাপ্তবয়স্ক ও দুর্বল ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলতে পারে।
চ্যালেঞ্জ বলতে ইতালির নিয়ন্ত্রক সংস্থাটি ‘ফ্রেঞ্চ স্কার’ নামে পরিচিত এক বিপজ্জনক অনুলীলনের ভিডিওর কথা উল্লেখ করেছে। এ চ্যালেঞ্জ কম বয়সীদের মধ্যে বিশেষ জনপ্রিয়, যেখানে একজন অন্য কারো গালের হাড়ে স্থায়ীভাবে দাগ বসিয়ে দেওয়ার জন্য গালে চিমটি কাটেন।
গত মাসে ইতালির আরেক নিয়ন্ত্রক সংস্থা যোগাযোগ কর্তৃপক্ষ ‘এজিসিওএম’ এসব ভিডিও সরাতে বাধ্য করেছিল সামাজিক মাধ্যমটিকে।
সম্ভাব্য ক্ষতিকর ভিডিওগুলো ‘প্রোফাইলিং অ্যালগরিদমে’র মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে বলে আরও জানিয়েছে এজিসিএম। এর প্রভাব ব্যবহারকারীদের ওপর পড়তে পারে, যারা প্ল্যাটফর্মটি আরও বেশি ব্যবহার করতে উৎসাহিত হন।
এ প্রসঙ্গে টিকটকের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এদিকে, অন্তত ১৭ কোটি ব্যবহারকারী থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটি নতুন বাধার মুখোমুখি হচ্ছে। গেল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদ এমন এক বিলের অনুমোদন দিয়েছে যেখানে হয় চীনা মালিকদের বিক্রি করতে হবে সামাজিক মাধ্যমটি নয়তো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক।
