২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মার্কিন আদালতে টিকটকের বিরুদ্ধে মামলার প্রথম কার্যক্রম শুরু হচ্ছে

এর আগে, বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচিত সব অভিযোগই টিকটক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছিল ও তাদের কার্যক্রমের বিবরণ জনসাধারণের কাছ থেকে আড়ালেই রেখেছিল।

মার্কিন আদালতে টিকটকের বিরুদ্ধে মামলার প্রথম কার্যক্রম শুরু হচ্ছে

এসব মামলার অনেকগুলোতে ‘মেটা প্ল্যাটফর্মস’, ‘স্ন্যাপ ইনকর্পোরেটেড’ ও অ্যালফাবেটের ‘ইউটিউবও বিবাদী হিসেবে রয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 11:13 AM

Updated : 26 Sep 2026, 11:13 AM

টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব সংক্রান্ত মামলার কার্যক্রম এই প্রথম কোনো মার্কিন আদালতে শুরু হচ্ছে।

টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্স প্ল্যাটফর্মটিকে তরুণ ব্যবহারকারীদের জন্য আসক্তিকর করে তুলেছে এবং এর নিরাপত্তা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে– এমন অভিযোগের শুনানি শুরু হবে অ্যালাবামার এক জুরি বোর্ডের সামনে।

মন্টগোমারির স্টেট কোর্টে সোমবার শুরু হতে যাওয়া এ বিচারকার্যটি দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত চলতে পারে, যার মাধ্যমে টিকটকের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বিরল তথ্য প্রকাশ পেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এর আগে সব মামলাই সমঝোতার মাধ্যমে সামাল দিয়েছিল টিকটক এবং কোম্পানিটির কার্যক্রম জনসাধারণের দৃষ্টির আড়ালেই রাখতে পেরেছিল।

অ্যালাবামার মামলাটি গেল বছর অঙ্গরাজ্যের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল দায়ের করেছিলেন। এ ছাড়া, অন্তত ২৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিও টিকটকের বিরুদ্ধে মামলা করেছে।

টিকটক বলেছে, তারা টিনএজারদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের প্ল্যাটফর্ম ডিজাইন করেছে। পাশাপাশি ফেডারেল কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০-এ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর তৈরি কনটেন্টের দায় থেকে সুরক্ষা দেয়।

অ্যালাবামার অ্যাটর্নি জেনারেলের অফিস ও টিকটকের প্রতিনিধি এই বিচার প্রক্রিয়া বিষয়ে কোনো মন্তব্য করেনি। টিকটকের মার্কিন কার্যক্রম এ বছরই মার্কিন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরিত হয়েছে এবং এর ২০ শতাংশের মালিকানা বাইটড্যান্সের।

অ্যালাবামার অভিযোগ, টিকটকের অন্তহীন ভিডিওর ধারা এটাকে সবচেয়ে আসক্তিকর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে পরিণত করেছে এবং এর অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের সহিংসতা ও আত্মক্ষতিমূলক আরও তীব্র কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।

টিকটক ব্যবহারে টিনএজারদের মানসিক স্বাস্থ্য সংকট তৈরি হচ্ছে। অঙ্গরাজ্যে আত্মক্ষতির ঘটনায় জরুরি বিভাগে যাওয়া রোগীর সংখ্যাও বেড়েছে।

মামলায় টিকটকের বিরুদ্ধে অভিযোগ, গুগল, অ্যাপল ও মাইক্রোসফটের পরিচালিত বিভিন্ন অ্যাপ স্টোরে অ্যাপটিকে টিনএজারদের জন্য নিরাপদ হিসেবে রেটিং পাওয়ার উদ্দেশ্যে তারা তরুণ ব্যবহারকারীদের জন্য যৌন ও সহিংস কনটেন্টের প্রবেশাধিকার সীমিত করার মিথ্যা দাবি করেছে।

এ ছাড়া, মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চীনা সরকারের প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছে।

এই মামলায় অঙ্গরাজ্যটির পক্ষ থেকে আর্থিক জরিমানা ও অন্যান্য প্রতিকার চাওয়া হয়েছে।

গোপন নথিপত্র ও সিলগালা করা ফাইলিং টিকটক যেভাবে গুরুত্বপূর্ণ মামলাগুলো সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছে এবং আদালতের রেকর্ডগুলো সিলগালা বা ভারী মাত্রায় গোপন রাখতে সচেষ্ট ছিল তার ফলে কোম্পানিটির কার্যক্রম সম্পর্কিত অধিকাংশ প্রমাণই মানুষের চোখের আড়ালে রয়ে গেছে।

অঙ্গরাজ্যগুলোর মামলার পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে ব্যক্তিবিশেষ, স্কুল ডিস্ট্রিক্ট ও পৌরসভার পক্ষ থেকেও হাজার হাজার মামলার মুখে পড়েছে টিকটক।

এসব মামলার অনেকগুলোতে ‘মেটা প্ল্যাটফর্মস’, ‘স্ন্যাপ ইনকর্পোরেটেড’ ও অ্যালফাবেটের ‘ইউটিউবও বিবাদী হিসেবে রয়েছে।

এর আগে, বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচিত হওয়া সস মামলাই টিকটক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে ফেলেছিল, যার মধ্যে পাঁচজন তরুণ ও কেন্টাকির এক স্কুল ডিস্ট্রিক্টের করা দাবিও অন্তর্ভুক্ত ছিল।

অ্যালাবামার মামলায় দাবি করা হয়েছে, টিকটক ব্যবহারকারীদের বয়স নিজের থেকেই জানাতে বললেও অ্যাকাউন্ট তৈরি না করেই ভিডিও দেখার সুযোগ দিয়ে ব্যবহারকারীদের বয়স সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

এর মাধ্যমেও কোম্পানিটি তাদের দেখার অভ্যাসের ডেটা সংগ্রহ করতে পারে। মামলার তথ্য অনুসারে, কার্যকর বয়সসীমার অভাবের কারণে তরুণ ব্যবহারকারীদের জন্য কনটেন্ট সাজিয়ে দেওয়া ‘কিডস মোড’-এর মতো বিভিন্ন ফিচার পুরোপুরি অর্থহীন হয়ে পড়ে।

অঙ্গরাজ্যটির দাবি, প্ল্যাটফর্মটি শিশুদের ‘ফিল্টার বাবলে’ আটকে রাখে ও সহিংস বা ক্ষতিকর উপাদানসহ তাদের মনোযোগ কাড়ে এমন বিষয়গুলোর ওপর আরও তীব্র কনটেন্ট সরবরাহ করতে থাকে।

গেল মাসে মেটা ৪৭টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও মার্কিন অঙ্গরাজ্যগুলোর সঙ্গে ১ হাজার ৭১০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে।

কোনো ধরনের ভুল স্বীকার না করেই ইনস্টাগ্রাম ও ফেইসবুকে টিনএজারদের প্রবেশাধিকারের ক্ষেত্রে পরিবর্তন আনতে রাজি হয়েছে মেটা।

পাশাপাশি মেটা শর্ত দিয়েছে যে, টিকটক, স্ন্যাপ ও ইউটিউবও যদি এসব শর্ত মেনে নেয় তবেই তারা সমঝোতা অর্থের মধ্যে ৫০০ কোটি ডলার দেবে।

এই চুক্তি সম্পর্কেও টিকটক এখনও কোনো মন্তব্য করেনি।