১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ম্যাক ব্যবহারকারীদের জন্য মেটা এআইয়ের ডেস্কটপ অ্যাপ চালু

মেটা এআইকে আরও ব্যবসাবান্ধব করে তুলতে কোম্পানিটি এতে নিজেদের ‘অ্যানালিটিক্স’ ও ‘অ্যাডভার্টাইজিং টুল’ বা বিজ্ঞাপন ব্যবস্থাপনার সুবিধাও যোগ করছে।

ম্যাক ব্যবহারকারীদের জন্য মেটা এআইয়ের ডেস্কটপ অ্যাপ চালু
মেটা সম্প্রতি একটি এআই কোডিং এজেন্টও উন্মোচন করেছে, যা বাজারে থাকা প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পণ্যের চেয়ে সাশ্রয়ী। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 06:31 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ম্যাক ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আলাদা এক ডেস্কটপ অ্যাপ চালু করছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

যে সব ব্যবসায়ী ও কনটেন্ট নির্মাতা নিজেদের কাজের জন্য ফেইসবুক ও ইনস্টাগ্রামের ওপর নির্ভরশীল তাদের হাতে এআই সুবিধা পৌঁছে দেওয়ার যে সাম্প্রতিক উদ্যোগ মেটা নিয়েছে নতুন ম্যাক অ্যাপটি তারই অংশ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মেটা এআইয়ের বর্তমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের তুলনায় নতুন এ ম্যাক সংস্করণে বেশ কয়েকটি নতুন সুবিধাও যোগ হয়েছে। এতে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারের স্ক্রিনের নির্দিষ্ট একটি অংশ শেয়ারের সুযোগ পাবেন।

ফলে ব্যবহারকারী ঠিক কী নিয়ে কাজ করছেন তা এআই অ্যাসিস্ট্যান্টটি সরাসরি ‘দেখতে’ পারবে এবং আরও বেশি সুনির্দিষ্ট ও নির্ভুল উত্তর দেবে।

বিবৃতিতে এ ফিচারের উপযোগিতা নিয়ে মেটা বলেছে, “নতুন সুবিধাটি বিশেষ করে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য দারুণ উপকারী হবে। এর মাধ্যমে তারা খুব সহজেই নিজেদের ব্যবসার বিভিন্ন পোস্ট, বিজ্ঞাপন ও অন্যান্য কনটেন্ট তৈরির ক্ষেত্রে এআইয়ের কাছ থেকে নির্দেশনা পাবেন।”

পাশাপাশি, এআইকে আরও ব্যবসাবান্ধব করে তুলতে মেটা এতে নিজেদের ‘অ্যানালিটিক্স’ ও ‘অ্যাডভার্টাইজিং টুল’ বা বিজ্ঞাপন ব্যবস্থাপনার সুবিধাও যোগ করছে।

ফেইসবুক ও ইনস্টাগ্রামে যাদের ‘প্রফেশনাল অ্যাকাউন্ট’ রয়েছে তারা এখন চাইলে মেটা এআই’কে সরাসরি ‘গুগল ওয়ার্কস্পেস’-এর সঙ্গে যোগ করতে পারবেন।

এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, স্প্রেডশিটসহ অন্যান্য প্রাসঙ্গিক ডেটা খুব সহজেই এআই টুলে ব্যবহার করতে পারবেন।

মেটার দাবি, এসব নতুন আপডেট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের বিজ্ঞাপন প্রচারের কাজ আরও সক্ষমতার সঙ্গে পরিচালনা করতে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের ধরন অনুসারে সঠিক পরামর্শ পেতে সহায়তা করবে।

“আপনি এখন সরাসরি মেটা এআই’কে আপনার ব্যবসা নিয়ে নানা প্রশ্ন করতে পারবেন এবং এমন সব উত্তর পাবেন যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। কারণ মেটা এআই ব্যবহার করবে কেবল মেটার কাছে থাকা আপনার অ্যাকাউন্টের তথ্যাবলি, যেমন আপনার পেইজের এঙ্গেজমেন্ট ও বিজ্ঞাপনের পারফরম্যান্সের সুনির্দিষ্ট হিসাব।

“কেবল নিজের অ্যাকাউন্টই নয়, আপনার মতো একই ধরনের অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড কীভাবে মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে সে সম্পর্কিত উন্মুক্ত তথ্য ও বিশ্লেষণ এবার মেটা এআইয়ের মাধ্যমে জেনে নেওয়া যাবে।”

ব্যবসা পরিচালনা ও প্রচারের কাজে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেন এমন কোটি কোটি মানুষের কাছে নিজেদের এআই প্রযুক্তি পৌঁছে দেওয়ার যে জোরালো উদ্যোগ মেটা নিয়েছে এমনটা তারই অংশ।

পাশাপাশি মেটা সম্প্রতি একটি এআই কোডিং এজেন্টও উন্মোচন করেছে, যা বাজারে থাকা প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পণ্যের চেয়ে বেশ সাশ্রয়ী।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কিছুদিন আগে প্রকাশ্যেই বলেছিলেন, তিনি চান মেটার বিভিন্ন এআই এজেন্ট যেন ভবিষ্যতে গ্রাহকদের ‘পুরো ব্যবসাটাই পরিচালনা করতে পারে’।

শিল্প বিশ্লেষকরা বলছেন, মেটার এ পদক্ষেপ ব্যবহারকারীদের তাদের পেইড সাবস্ক্রিপশন সেবার দিকে আরও বেশি উৎসাহিত করতে পারে।

বর্তমানে নতুন ম্যাক অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা গেলেও ধীরে ধীরে নিজেদের তুলনামূলক উন্নত এআই ফিচারগুলোতে নির্দিষ্ট সীমাবদ্ধতা বা ‘রেট লিমিট’ কার্যকর করছে মেটা, যা পুরোপুরি ব্যবহার করতে হলে গ্রাহকদের ‘মেটা ওয়ান’ প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে।