রোবট এখন স্মার্টফোনের মতই প্রয়োজনীয় পণ্য: পলক
“দেশের তরুণরা ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করবে,” বলেন তিনি।
সময়ের প্রয়োজনে রোবট এখন আর বিলাসী পণ্য নয়, এটা এখন স্মার্টফোনের মতই প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, “আমাদের সবকিছু স্মার্ট ডিভাইসনির্ভর হয়ে গেছে। সেই বাস্তবতা থেকেই এখন যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রেই রোবটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে ‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর জাতীয় পর্বের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী রোবট অলিম্পিয়াডের আগেই জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে স্থাপিত ৩০০টি স্কুল অব ফিউচারে একটি করে ড্রোন, থ্রিডি প্রিন্টার, এআর, ভিআর ও আধুনিক ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি।
দেশের তরুণদের মেধার ঘাটতি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রয়োজন একটু সুযোগ করে দেওয়ার। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা করা হলে তারা শুধু বাংলাদেশের সমস্যার সমাধান করবে না, ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করবে।”
উদ্বোধনী বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঠিক ও পরিমিত ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সন্তানদের সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত করতে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে।
নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহারের জন্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত দু'দিনব্যাপী এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ১ হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থী অংশ নিচ্ছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
