২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিষিদ্ধ’ কনটেন্ট: গুগলকে রাশিয়ার জরিমানা চলছেই

গুগলকে এবার প্রায় ৩৭ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে মস্কোর একটি আদালত। ইউটিউবের ‘নিষিদ্ধ’ ভিডিও কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোকে এই জরিমানার কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 05:04 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই বিভিন্ন বিদেশী প্রযুক্তি প্ল্যাটফর্মের সেই সব কনটেন্ট নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো, যেগুলো তাদের বিধিনিষেধের আওতায় পড়ে।

রাশিয়া বিরোধী বিভিন্ন কনটেন্টে অনুমোদন দেওয়ার কারণে দেশটির রক্তচক্ষুর ‘বিশেষ লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছে ইউটিউব। তবে, টুইটার এবং মেটার সামাজিক প্ল্যাটফর্ম ফেইসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেনি দেশটি।

রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর জানিয়েছে, গুগলকে প্রায় ৩৭ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে ‘তাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট’।

এই জরিমানার কারণ হিসেবে গুগলের ‘নিষিদ্ধ কনটেন্টে’ প্রবেশাধিকার সীমিত করতে ক্রমাগত ব্যর্থ হওয়াকে উল্লেখ করেছে আদালত। পাশাপাশি, ইউটিউবও আলাদাভাবে সমালোচনার শিকার হয়েছে।

সংস্থাটির বিবেচনায়, ইউক্রেইনের ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়ে গুজব প্রকাশ এবং রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনীকে ‘কলঙ্কিত করা’ ভিডিও মুছতে ব্যর্থ হয়েছে ইউটিউব।

রসকমনাদজর আরও বলেছে, ইউটিউব এমন কনটেন্টের অনুমোদন দিয়েছে যেগুলো চরমপন্থী দৃষ্টিভঙ্গি প্রচার করে ও শিশুদের অননুমোদিত প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানানো হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে গুগল। এই প্রসঙ্গে রয়টার্স গুগলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

এই জরিমানার হিসেব হয়েছে রাশিয়ায় গুগলের বার্ষিক বিনিয়োগের উপর ভিত্তি করে। ২০২১ সালের শেষে একই ভাবে গুগলকে প্রায় ১৩ কোটি ডলার জরিমানা করেছিল দেশটি।

এরইমধ্যে জব্দ হয়েছে গুগলের রাশিয়া ইউনিটের ব্যাংক অ্যাকাউন্ট। এর পরপরই দেশটিতে নিজেদের দেউলিয়া ঘোষণা করে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান।

রাশিয়ার দাবি, নিজেদের নিরাপত্তা হুমকি ঠেকাতে ও ইউক্রেইনে থাকা রাশিয়ান ভাষাভাষীদের নিপীড়ন থেকে রক্ষা করতে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তারা।

এই দাবিকে ভিত্তিহীন এবং জমি দখলের অবৈধ প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে সেটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা।

রাশিয়ার তথ্য নীতি বিষয়ক সংসদ কমিটির ডেপুটি প্রধান আন্তন গোরেলকিন বলেছেন, দেশটির আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে গুগল।

“এটি অনুমান করা কঠিন নয়, এই আচরণের ফলাফল কোথায় গিয়ে ঠেকবে। এতে রাশিয়ার বাজার পুরোপুরি হারানোর ঝুঁকি নিচ্ছে গুগল।” --টেলিগ্রামে লিখেছেন গোরেলকিন।

আরও খবর

‘ভুয়া’ তথ্যের অভিযোগে গুগলকে ফের জরিমানা রাশিয়ায়  

ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার