২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঘণ্টাব্যাপী বৈশ্বিক বিভ্রাটের পর ফের অনলাইনে টুইটার

বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে সেবা ব্যহত হওয়ার ঘণ্টাখানেক পর অনলাইনে ফিরে এসেছে টুইটার। সামাজিক মাধ্যমটির প্রায় সব ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 09:44 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টা নাগাদ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) টুইটারের মোট ব্যবহারকারী সংখ্যা স্রেফ দুই হাজারে নেমে আসে। এক ঘণ্টা আগেও ওই সংখ্যা ৫০ হাজার ছিল বলে জানিয়েছে অনলাইনে বিভ্রাট নজরদারি বিষয়ক সাইটটি।

“আপনাদের মধ্যে কারো কারো টুইটার অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে এবং আমরা একে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।" - এক  টুইটে বলেছে আক্রান্ত এই সামাজিক মাধ্যম।‎

টুইটার তার কয়েকটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে সমস্যাটির তদন্ত করছে বলে দেখা গেছে এর স্ট্যাটাস ড্যাশবোর্ডে।

‎প্রাথমিকভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসে হোস্ট করা টুইটার ২০১৮ সাল থেকে দ্বিতীয় সেবাদাতা হিসাবে গুগল ক্লাউড প্ল্যাটফর্মও ব্যবহার করতে শুরু করে বলে জানিয়েছেন ওয়েল ফারগো সিকিউরিটিজের বিশ্লেষক ব্রায়ান ফিটসজেরাল্ড।‎

“অন্যান্য সেবাগুলো যেহেতু চলছে, তার মানে এটি ক্লাউড সেবাদাতাদের কারণে হচ্ছে না।” –  রয়টার্সকে বলেন ফিটসজেরাল্ড।‎

টেসলা সিইও ইলন মাস্কের বিরুদ্ধে কোম্পানিটি কেনার বিষয়ে চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করার কয়েক দিনের মধ্যেই এমন ঘটনা ঘটলো বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের এক আদালতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের ওপর অধিগ্রহণ সম্পন্নের আদেশ প্রার্থনা করেছে সামাজিক মাধ্যমটি।

‎ফেব্রুয়ারিতেও বড় আকারের এক বিভ্রাটের শিকার হয়েছিল টুইটার যার কারণ ছিল এক সফটওয়্যার ত্রুটি।‎

গত এক বছরে ‎অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিও বিভ্রাটের শিকার হয়েছে। অক্টোবরেই প্রায় প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ ছিল মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেজেঞ্জার; যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী।

বিভ্রাটের জন্য সমালোচিত টুইটার শুরুর বছরগুলোয় “ডুবে যাওয়া তিমি”র লোগো ব্যবহার করতো। ২০১৩ সাল থেকে ব্যবহার বন্ধ করা ওই জনপ্রিয় লোগো এবারও টুইটার ব্যবহার করেছে যেখানে দেখা যায় অনেকগুলো পাখি মিলে একটি বেলুগা তিমিকে তুলে আনার চেষ্টা করছে।