২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকটা ‘টিকটকের মতোই’ ইনস্টাগ্রামের ফুলস্ক্রিন ফিড

নিজস্ব মাধ্যমে ফুলস্ক্রিন ফিড এবং ন্যাভিগেশন আপডেট পরীক্ষা করেছে ইনস্টাগ্রাম, যা অনেকটা টিকটকের মতই দেখাচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 03:29 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

মেটা সিইও মার্ক জাকারবার্গ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, ব্যবহারকারীরা শীঘ্রই নতুন ফিডটি দেখতে পাবেন।

“ইনস্টাগ্রামের জন্য ছবি এখনও একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ফুলস্ক্রিন ফিডে এসব ছবি দেখানোর ধরন উন্নত করার উপায় নিয়ে কাজ করছি আমরা।” --বলেছেন জাকারবার্গ।

এ পরীক্ষার পর ফিডের ফুলস্ক্রিন সংস্করণ চালাতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একটি ভিডিওতে প্রবেশ করতে হবে। ফুলস্ক্রিন ফিডটি অনেকটা প্রতিদ্বন্দ্বী সামাজিক অ্যাপ টিকটকের ফিডের মতো দেখাচ্ছে। সেখানে অবশ্য ছবির চেয়ে ভিডিও কনটেন্টে প্রাধান্য বেশি।

তরুণ প্রজন্মের মধ্যে টিকটকের বাড়তে থাকা জনপ্রিয়তার মধ্যেই ইনস্টাগ্রামের ফিডে নতুন আপডেটটি এলো বলে মন্তব্য করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ইমার্কেটার’।

২০২১ সালেই টিকটক জানিয়েছিল, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা একশ কোটিরও বেশি।

অন্যদিকে মেটা এপ্রিলে জানিয়েছে, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মিলে তাদের মাধ্যমে ২৮৭ কোটি দৈনিক ব্যবহারকারী রয়েছে।

এ বছর বেশ কয়েকটি আপডেট ও নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম, যার মধ্যে একটি হচ্ছে অ্যাপের যে কোনো ব্যবহারকারীর পোস্টে পণ্য ট্যাগ করার সুবিধা।

‘অ্যাম্বার অ্যালার্টস’ নামে আরেকটি সুবিধা চালু হয়েছে যার মাধ্যমে হারানো শিশুর বিজ্ঞপ্তি সহজেই মাধ্যমটির ব্যবহারকারীরা দেখতে এবং শেয়ার করতে পারবেন। এ ছাড়া, ব্যবহারকারীর মূল পোস্টের বিস্তৃতি বাড়াতে এপ্রিলে নিজস্ব কনটেন্ট র‍্যাংকিং তালিকা নিয়েও কাজ করেছে ইনস্টাগ্রাম।

আরও খবর:

‘টিকটক সদৃশ’ ফুলস্ক্রিন ফিড পরীক্ষায় ইনস্টাগ্রাম