নভেম্বরে আসতে পারে সনির ‘গড অফ ওয়ার রাগনারক’
বহুল প্রতিক্ষিত প্লেস্টেশন গেইম ‘গড অফ ওয়ার রাগনারক’ নভেম্বরে আনার পরিকল্পনা করছে সনি। জুনের শেষে গেইম প্রকাশের তারিখ ঘোষণা করতে পারে গেইমটির প্রকাশক।
নভেম্বরে গেইমটি আনার বিষয়ে সংশ্লিষ্ট তিন ব্যাক্তির বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। তবে এ সপ্তাহে প্রকাশিত অন্যান্য প্রতিবেদন বলছে, ২০২৩ সাল পর্যন্ত গেইমের উন্মোচন পেছাতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে শুরু হওয়া ‘গড অফ ওয়ার’ গেইম সিরিজের সর্বশেষ সংস্করণ ‘গড অফ ওয়ার রাগনারক’। নতুন গেইমটি ২০১৮ সালে সিরিজের প্রকাশিত অষ্টম কিস্তির গেইম ‘গড অফ ওয়ার’-এর সিক্যুয়েল।
২০২০ সালে প্লেস্টেশন কনসোলের জন্য গেইমটি ঘোষণার পর বেশ কয়েকবার প্রকাশ্যে এবং অভ্যন্তরীনভাবে গেইমটি আনার তারিখ পিছিয়েছে সনি। এর মধ্যে মহামারী এবং অন্যান্য উৎপাদনজনিত ঝামেলা সামলাতে হয়েছে গেইম নির্মাতাদের।
এ বছরের শুরুতে গেইমটি সেপ্টেম্বরে আনার পরিকল্পনা জানায় সনি। এ প্রসঙ্গে ব্লুমবার্গ সনির মুখপাত্রের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
নতুন গেইম থেকে বড় ধরনের সাফল্য প্রত্যাশা করছে সনি। নিজেদের বিভিন্ন হার্ডওয়্যার জনিত সমস্যার কারণে গেইমটির সাফল্য সনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া, চাহিদা অনুযায়ী ‘প্লেস্টেশন ৫’-এর কনসোল তৈরি করতেও ব্যর্থ হচ্ছে জাপানের ভিডিও গেইম প্রকাশক এবং উৎপাদক প্রতিষ্ঠানটি।
‘গড অফ ওয়ার রাগনারক’ গেইমটি নতুন কনসোল ও পুরোনো ‘প্লেস্টেশন ৪’ দুটোতেই পাওয়া যাবে। এখন পর্যন্ত প্রায় ১১ কোটি ৭০ লাখ ইউনিট ‘প্লেস্টেশন ৪’ কনসোল বিক্রি হয়েছে। এ ছাড়া, গেইমটির অষ্টম কিস্তির প্রায় দুই কোটি কপি বিক্রি হয়েছিল ‘প্লেস্টেশন-৪’-তে। ফলে, গেইমটির ইনস্টলেশন নিয়ে চিন্তা করতে হবে না সনিকে।
ইউরোপীয় গেইমিং সাইট ‘গেইমরিয়্যাক্টর’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ‘সামার গেইমস ফেস্ট’ এবং সনির নিজস্ব ‘স্টেট অফ প্লে’ আয়োজনের মধ্যে ‘গড অফ ওয়ার রাগনারক’ গেইমটির অনুপস্থিতিতে ধারণা তৈরি করেছিল ২০২৩ সালের আগে এর দেখা মিলবে না।
ব্লুমবার্গ বলছে, গেইম নির্মাণের জগতে কোনো তারিখই নিশ্চিত নয়। এই গেইমটির ক্ষেত্রেও তারিখ পেছাতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে, নভেম্বর মাসে আত্মপ্রকাশ করার দিকেই এগোচ্ছে গেইমটি।
