মুছে ফেলা আলাপে ‘আনডু’ আনতে পারে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীর মুছে ফেলা চ্যাট পুনরায় ফেরানোর সুবিধা আনতে পারে হোয়াটসঅ্যাপ। এতোদিন ব্যবহারকারীর নিজস্ব এবং অন্যকে পাঠানো বার্তা নিরাপদে মোছার সুবিধা দিয়ে আসছিল মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।
ব্যবহারকারী ভুলবশত যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তা ‘ডিলিট ফর এভেরিওয়ান’-এর বদলে ‘ডিলিট ফর মি’-তে চাপ দিয়ে ফেলেন, সেটা যথেষ্টই বিড়ম্বনার। এই অস্বস্তি কেবল ভুক্তভোগী ব্যবহারকারীই বুঝতে পারেন!
সৌভাগ্যবশত, এই বিড়ম্বনা শীঘ্রই হয়ত অতীতের সমস্যা হতে যাচ্ছে কারণ মুছে ফেলা বার্তা পুনরায় ফেরানোর একটি টুল উন্মোচনের পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই টুল আসার বিষয়টি প্রথম চিহ্নিত করেছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত সবচেয়ে বিশ্বাসযোগ্য সূত্র ‘ডব্লিউএবেটাইনফো’।
পাশাপাশি, নিজস্ব সাইটে তারা একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, ব্যবহারকারী যখন ‘ডিলিট ফর মি’ অপশনে চাপ দিচ্ছেন, তখন স্ক্রিনের নীচে একটি ‘পপ-আপ’ দেখাচ্ছে। ব্যবহারকারী ওই বার্তা ‘আনডু’ করতে চান কি না, সেটি জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপ।
টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং সেবায় ব্যবহারকারীকে পুনরায় বার্তা ফিরিয়ে আনতে কয়েক সেকেন্ড সময় দেওয়া হয়। ফলে, ব্যবহারকারী বার্তাটি রাখতে অথবা সবার জন্য মুছে ফেলতে পারেন।
হোয়াটসঅ্যাপ কেবল এই ফিচার নিয়ে কাজ করছে না। নিজেদের ফাইল শেয়ারিং সক্ষমতা আগের একশ মেগাবাইট থেকে বাড়িয়ে দুই জিবিতে নিতে চায় সেবাটি।
আর্জেন্টিনায় স্বল্প পরিসরে নতুন ফিচারটির পরীক্ষা হয়েছিল মার্চে, যা ইতোমধ্যে এসেছে হোয়াটসআপের বেটা সংস্করণ ‘২.২২.১৩.৬’-তে। পাশাপাশি, বিশ্বব্যাপীও ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।
কোনো ব্যবহারকারী এই ফিচার পরীক্ষা করার জন্য নির্বাচিত হয়েছেন কি না, সেটি যাচাই করতে নিজেদের ডিভাইস থেকে বড় আকারের ফাইল পাঠানোর চেষ্টা করতে পারেন তিনি।
নতুন ফিচারগুলো নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক অগ্রগতি দেখিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে, এসব ফিচারের সুবিধা কতদিনের মধ্যে সবার কাছে পৌছাবে, সেই বিষয়টি নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
আরও খবর:
