অ্যাপলের পকেটেই যাচ্ছে শাজাম
শাজাম এন্টারটেইনমেন্ট লিমিটেড-কে কেনার চুক্তিতে পৌঁছানোর কথা সোমবার নিশ্চিত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
ব্রিটিশ এই প্রতিষ্ঠানটির বানানো সফটওয়্যার ব্যবহারকারীদেরকে গান বাজছে এমন কোনো ডিভাইসের দিকে তাদের স্মার্টফোন তাক করলে ওই গান শনাক্ত করতে সহায়তা করে।
ব্রিটিশ প্রতিষ্ঠানটিকে কিনতে ঠিক কী পরিমাণ অর্থ গুণতে হচ্ছে তা নিয়ে অ্যাপল কোনো অংক প্রকাশ করেনি বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার প্রযুক্তি টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছিল, অর্থের অংকটা ৪০ কোটি ডলার হতে পারে। যদিও সর্বশেষ হিসাবে শাজামের বাজারমূল্য শতকোটি ডলার ছিল বলে রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, অ্যাপল মিউজিক স্ট্রিমিং সেবায় শাজাম ‘স্বাভাবিকভাবেই যুক্ত’ হয়ে যাবে আর ব্যবারকারহারকারীদের নতুন গানগুলোর সন্ধান পেতে সহায়তা করবে। অ্যাপল মিউজিকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২.৭ কোটি আর এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্পটিফাই-এর ক্ষেত্রে সংখ্যাটা ছয় কোটি। অ্যাপল জানিয়েছে, শাজাম-এর বর্তমান কর্মীরা অ্যাপলের অধীনের যোগ দেবেন।
এক বিবৃতিতে অ্যাপল মুখপাত্র টম নিউমার বলেন, শাজাম “বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করছেন, বিভিন্ন প্লাটফর্মে… স্টোর নিয়ে আমাদের চমৎকার পরিকল্পনা আছে আর আজকের চুক্তির অনুমোদন নিয়ে শাজামের সঙ্গে সমন্বয় করে কাজ করার দিকে তাকিয়ে আছি।”
অ্যাপল তাদের পরিকল্পনার কোনো বিশদ বর্ণনা দেয়নি কিন্তু প্রতিষ্ঠানটি যতক্ষণ না নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাচ্ছেন তার আগ পর্যন্ত তারা শাজাম-কে নিয়ে বড় কোনো বদল আনতে পারবে না।
অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসগুলোতেও শাজামের সেবা রয়েছে কিন্তু ক্রয়ের অনুমোদন শেষে শাজামের অ্যান্ড্রয়েড সংস্করণ রাখা হবে কিনা তা নিয়ে কিছু বলেনি অ্যাপল। চলতি বছরের শুরুতে শাজাম মাইক্রোসফটের উইন্ডোজ পিসি’র জন্য রাখা তাদের সংস্করণটি বন্ধ করে দেয়।
